ভরিতে ৪ হাজার ৪৭৪ টাকা কমল সোনার দাম
৩১ আগস্ট ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ
দীর্ঘদিন রুপালি পর্দার আড়ালে থাকা ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপিকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এবার তার অভিনয় বা নতুন কোনো সিনেমাকে কেন্দ্র করে নয়, বরং একটি মন্তব্যের কারণে তিনি উঠে এসেছেন আলোচনার কেন্দ্রে।
সম্প্রতি নিজের বর্তমান জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দেওয়া এক সাক্ষাৎকারে পপি বলেন, জীবনের বাকি সময় তিনি সুন্দরভাবে কাটাতে চান এবং আল্লাহ-খোদার নাম নিতে চান। অতীতে যতটুকু ‘পাপ’ করেছেন, তা ধুয়েমুছে সুন্দরভাবে মৃত্যুবরণ করতে চান বলেও মন্তব্য করেন তিনি।
পপির এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়। অনেকেই তার বক্তব্যকে অভিনয়জীবনকে ‘পাপ’ হিসেবে ইঙ্গিত করার সঙ্গে মিলিয়ে দেখছেন।
এরই মধ্যে সোমবার (৩১ আগস্ট) অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পপির একটি ফটোকার্ড শেয়ার করেন। সেখানে পপির বক্তব্য হিসেবে লেখা ছিল, ‘যতটুকু পাপ কামাইছি সব ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই। আর যে কয়দিন বাঁচব হেদায়াতের জন্য আল্লাহ-খোদার নাম করে যাব।’
পপির বক্তব্য নিয়ে নিজের প্রতিক্রিয়ায় জয় লেখেন, নায়িকা মৌসুমী আগে যে ধরনের কথা বলেছিলেন, পপিও একই ধরনের বক্তব্য দিয়েছেন। শাবনূর ও পূর্ণিমাও একই কথা বললে একটি প্রজন্মের অভিনেত্রীদের ভাবনার মিল পাওয়া যেত বলেও মন্তব্য করেন তিনি।
জয় আরও লেখেন, ‘অভিনয় যে একটা গুনাহর কাজ, এটা তারা বুঝতে পেরেছে।’
নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে পরে তিনি বলেন, তার প্রশ্ন হলো-অভিনেত্রীরা বুঝেশুনে কাজ করার পর যদি সেটিকে ভুল বা গুনাহ মনে করেন, তাহলে তাদের ভক্ত হয়ে যারা কোনো কিছু না বুঝেই সেই জগতের প্রতি আকৃষ্ট হয়েছেন, তাদের অবস্থান কী হবে? এ সময় ইবাদতের সময় ভক্তদের জন্যও দোয়া করার আহ্বান জানান তিনি।
জয়ের ওই পোস্টের মন্তব্যের ঘরে বিষয়টি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া জানান নেটিজেনরা। অনেককে অভিনেতার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করতেও দেখা যায়। তবে সবার নজর কেড়েছে অভিনেতা বাপ্পারাজের একটি মন্তব্য। জয়ের পোস্টের মন্তব্যের ঘরে তিনি লেখেন, ‘যখন ইনকাম হয়, তখন পাপ মনে হয় না। বেকার হয়ে গেলেই মনে হয় আগে পাপ করেছি। ইবাদত সবসময়ের জন্যই, বেকারদের জন্য না।’
বাপ্পারাজের এই মন্তব্যকে অনেকেই পপির বক্তব্যের প্রতি পরোক্ষ জবাব বা খোঁচা হিসেবে দেখছেন। তার মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পপি তার বর্তমান জীবন নিয়ে খোলামেলা কথা বলেন। জীবনের নতুন অধ্যায় প্রসঙ্গে তিনি জানান, সুন্দরভাবে বাঁচতে চান এবং আল্লাহ-খোদার নাম নিতে চান। অতীতে যতটা পাপ করেছেন, তা ধুয়েমুছে সুন্দরভাবে মৃত্যুবরণ করতে চান বলেও মন্তব্য করেন তিনি।
পপির ওই মন্তব্যের পর থেকেই অভিনয়জীবন ও ব্যক্তিগত উপলব্ধি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা ও সমালোচনা।