মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

তিন সপ্তাহেই এক বিলিয়ন ডলারের ক্লাবে নোলানের ‘দ্য ওডিসি’


মুক্তির মাত্র তিন সপ্তাহেই বিশ্ব বক্স অফিসে এক বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করেছে ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ওডিসি’। গ্রিক কবি হোমারের কালজয়ী মহাকাব্য অবলম্বনে নির্মিত ছবিটি মুক্তির পর থেকেই দর্শক আগ্রহ ও ব্যবসায়িক সাফল্যে একের পর এক রেকর্ড গড়ছে।

১০ আগস্ট ২০২৬, ৮:০৬ অপরাহ্ণ 

তিন সপ্তাহেই এক বিলিয়ন ডলারের ক্লাবে নোলানের ‘দ্য ওডিসি’
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

মুক্তির মাত্র তিন সপ্তাহেই বিশ্ব বক্স অফিসে এক বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়েছে ক্রিস্টোফার নোলানের সিনেমা ‘দ্য ওডিসি’। গ্রিক কবি হোমারের বিখ্যাত মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত সিনেমাটি গত ১৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে সিনেমাটি। একই সঙ্গে বক্স অফিসেও শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। মাত্র তিন সপ্তাহের মধ্যেই ছবিটির আয় এক বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

এখন পর্যন্ত উত্তর আমেরিকার বাজারে ‘দ্য ওডিসি’ আয় করেছে ৪২৯ দশমিক ৬৫ মিলিয়ন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ৫৭৮ দশমিক ৮ মিলিয়ন ডলার। দুই বাজার মিলিয়ে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে এক বিলিয়ন ডলারের বেশি।

হোমারের মহাকাব্যিক কাহিনি অবলম্বনে নির্মিত এই সিনেমায় প্রাচীন গ্রিসের বীর যোদ্ধা ও রাজা ওডিসিউসের দীর্ঘ ও বিপদসংকুল প্রত্যাবর্তনের গল্প তুলে ধরা হয়েছে। নোলানের নিজস্ব নির্মাণশৈলী ও বড় পর্দার ভিজ্যুয়াল উপস্থাপনা সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে।

‘দ্য ওডিসি’র এই সাফল্য পরিচালক ক্রিস্টোফার নোলানের ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। মুক্তির অল্প সময়ের মধ্যেই এক বিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশ করে সিনেমাটি নোলানের অন্যতম সফল চলচ্চিত্র হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করেছে।