রবিবার, ৯ আগস্ট, ২০২৬

কনসার্টে হাসানকে বোতল নিক্ষেপ, ‘ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই’


জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক ওপেন কনসার্টে গান করার সময় জনপ্রিয় সংগীতশিল্পী হাসানকে লক্ষ্য করে বোতল ছোড়ার ঘটনা ঘটেছে। অপ্রত্যাশিত এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামলে আবারও গানে ফিরে যান আর্ক ব্যান্ডের এই শিল্পী। পরে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ঘটনাটিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।

৮ আগস্ট ২০২৬, ৮:৪৩ অপরাহ্ণ 

কনসার্টে হাসানকে বোতল নিক্ষেপ, ‘ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই’
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয় ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক ওপেন কনসার্ট। সেখানে গান পরিবেশনের সময় দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও আর্ক ব্যান্ডের সদস্য হাসানকে লক্ষ্য করে বোতল ছোড়ার ঘটনা ঘটে।

হঠাৎ এমন ঘটনায় কিছুটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হলেও হাসান তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামলে নেন এবং আবারও গানের সুরে ফিরে যান। কনসার্টের ওই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সংগীতাঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে যখন সমালোচনা চলছে, তখন বিষয়টি নিয়ে আর বিতর্ক বাড়াতে চাননি হাসান। বরং ঘটনাটিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার কথা জানিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অভিজ্ঞতা তুলে ধরে হাসান লেখেন, ‘ঘটনাটি আমার কাছে খুবই অপ্রত্যাশিত। দীর্ঘ সংগীতজীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি কখনো হইনি। বহু বছর ধরে বাংলা ব্যান্ড সংগীত করছি। এই সময়ে বিচিত্র অনেক অভিজ্ঞতা হয়েছে। কিন্তু মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হতে পারে, এমনটা কখনো দেখিনি বা ভাবিনি। তারপরও আমি বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চাই। আমি বিশ্বাস করতে চাই, যে এমনটি করেছে, সে হয়তো না বুঝেই করেছে।’ একই সঙ্গে দেশের শিল্পীদের নিরাপত্তা ও সম্মানের বিষয়টিও সামনে আনেন এই শিল্পী। তিনি বলেন, ভবিষ্যতে যেন কোনো শিল্পীকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।

হাসান লেখেন, ‘আমার একটাই অনুরোধ, ভবিষ্যতে আমার দেশের কোনো শিল্পীই যেন এমন পরিস্থিতির মুখোমুখি না হন। কনসার্টে আসা মানুষের মনে রাখা উচিত, শিল্পীরা এই দেশের, শিল্পীরা সবার। তারা এ দেশের মানুষের জন্যই গান করেন। বিনিময়ে তারা শুধু মানুষের ভালোবাসা চান। কোনো শিল্পীকে এভাবে অসম্মান করা বা অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি করা উচিত নয়।’

শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার না করার আহ্বানও জানান আর্ক ব্যান্ডের এই শিল্পী। তার ভাষ্য, বিভিন্ন সময়ে সরকারি, বেসরকারি কিংবা রাজনৈতিক নানা আয়োজনে শিল্পীদের গান পরিবেশন করতে হয়। এ কারণে কোনো শিল্পীকে নির্দিষ্ট রাজনৈতিক পরিচয়ে বিচার করা উচিত নয়।

এ প্রসঙ্গে হাসান লেখেন, ‘আমাদের দেশে অনেক সময় শিল্পীদের রাজনৈতিকভাবে বিবেচনা করা হয়, এটা ঠিক নয়। একজন শিল্পী পাঁচ বা দশ বছরের জন্য শিল্পী নন, তিনি আজীবনের জন্যই শিল্পী। বিভিন্ন সময়ে সরকারি, বেসরকারি কিংবা রাজনৈতিক নানা আয়োজনে শিল্পীদের গান গাইতে হয়। তাই বলে তাকে কোনো রাজনৈতিক পরিচয়ে ফেলে বিচার করা উচিত নয়।’

তিনি আরও বলেন, শিল্পীরা মানুষকে ভালোবেসে গান শোনান। তাই তাদের প্রাপ্য সম্মান দেওয়া এবং নিরাপত্তা নিশ্চিত করাও সবার দায়িত্ব। হাসানের এই পোস্টের মন্তব্যের ঘরে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন তার অসংখ্য ভক্ত। পাশাপাশি সংগীতাঙ্গনের ছোট-বড় অনেক শিল্পীও ঘটনার নিন্দা জানিয়েছেন।

এদিকে কনসার্টে হাসানকে লক্ষ্য করে বোতল ছোড়ার একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোকে কেন্দ্র করে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। তবে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।