বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে শিল্পী হাসানকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপ, ক্ষোভ প্রিন্স মাহমুদের


জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে পারফর্ম করার সময় জনপ্রিয় ব্যান্ড আর্ক-এর ভোকাল হাসানকে লক্ষ্য করে দর্শকসারির দিক থেকে পানির বোতল ছুড়ে মারা হয়। তবে এ ঘটনায় বিচলিত না হয়ে তিনি গান চালিয়ে যান। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার পাশাপাশি শিল্পীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি উঠেছে।

৬ আগস্ট ২০২৬, ৯:০৩ অপরাহ্ণ 

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে শিল্পী হাসানকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপ, ক্ষোভ প্রিন্স মাহমুদের
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে অপ্রীতিকর ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় ব্যান্ড আর্ক-এর ভোকাল হাসান। গান পরিবেশনের সময় দর্শকসারির দিক থেকে ছুড়ে মারা একটি পানির বোতল তার মুখে এসে আঘাত করে।

বুধবার (৫ আগস্ট) আয়োজিত এ কনসার্টে পারফর্ম করেন পারসা, সেজান, কুড়েঘর, আর্বোভাইরাস, এভয়েড রাফা, আসিফ আকবর, শিরোনামহীন, আর্ক (হাসান) এবং আর্টসেল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হাসান মঞ্চের সামনে এসে দর্শকদের উদ্দেশে গান গাওয়ার সময় হঠাৎ একটি পানির বোতল তার মুখে এসে লাগে। আঘাতের সঙ্গে সঙ্গে বোতলের পানি তার শরীর ও মঞ্চজুড়ে ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় তিনি বিচলিত না হয়ে গান থামাননি; বরং পেশাদারিত্বের পরিচয় দিয়ে স্বাভাবিকভাবেই নিজের পরিবেশনা চালিয়ে যান।

ঘটনার পর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সুরকার ও গীতিকার প্রিন্স মাহমুদ। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “গতকাল মঞ্চে যখন শিল্পী হাসান ব্যান্ড নিয়ে গান করছিলেন, তখন তাকে বোতল ছুড়ে মেরেছে কেউ কেউ। কেন? সামনের দিকে একটা দল ‘ভুয়া, ভুয়া’ বলে চিৎকার করছিল। কারা? কী উদ্দেশ্যে অনুষ্ঠানে ছিল?”

অভিযুক্তদের চিহ্নিত করার আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, “এদের প্রত্যেককে দাগযুক্ত করুন। মঞ্চে পারফর্ম করা শিল্পীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যে কোনো সফল আয়োজনের প্রধান শর্ত। এ দায়িত্ব কি আয়োজক ঠিকমতো পালন করেছে?”

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই এ ধরনের আচরণের নিন্দা জানিয়ে বলেছেন, কোনো শিল্পী মঞ্চে পারফর্ম করার সময় তার নিরাপত্তা নিশ্চিত করা আয়োজকদের অন্যতম প্রধান দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা। এ ঘটনায় আয়োজকদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে বোতল নিক্ষেপের সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয়ও এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি।