শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

প্রেক্ষাগৃহে আসছে ‘মাস্তুল’, সংলাপহীন চরিত্রে ফজলুর রহমান বাবু


নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামানের চলচ্চিত্র ‘মাস্তুল’ আগামীকাল শুক্রবার দেশের কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। নদীবন্দরকেন্দ্রিক ভাসমান মানুষের জীবন, টিকে থাকার সংগ্রাম ও মানবিক সম্পর্কের গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় সংলাপহীন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু।

১৭ জুলাই ২০২৬, ৩:১৩ অপরাহ্ণ 

প্রেক্ষাগৃহে আসছে ‘মাস্তুল’, সংলাপহীন চরিত্রে ফজলুর রহমান বাবু
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামানের নতুন চলচ্চিত্র ‘মাস্তুল’ আগামীকাল শুক্রবার দেশের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। একটি জ্বালানিবাহী তেলের ট্যাঙ্কারের বৃদ্ধ রাঁধুনি এবং বন্দর এলাকার এক পথশিশুকে ঘিরে আবর্তিত হয়েছে সিনেমাটির কাহিনি। তাদের সম্পর্কের মধ্য দিয়ে উঠে এসেছে ভাসমান মানুষের জীবন, নিঃসঙ্গতা, স্নেহ, ক্ষমতার দ্বন্দ্ব এবং প্রতিকূল বাস্তবতায় টিকে থাকার সংগ্রামের গল্প।

নির্মাতার নিজ শহর নারায়ণগঞ্জ এবং দেশের অন্যতম ব্যস্ত নদীবন্দরকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমানসহ আরও অনেকে। বাস্তবধর্মী পরিবেশ ফুটিয়ে তুলতে ব্যস্ত নদীবন্দর, জাহাজঘাট এবং জনবহুল মাছবাজারে সিনেমাটির শুটিং করা হয়েছে। নির্মাতার ভাষ্য, পেশাদার অভিনয়শিল্পীদের পাশাপাশি ট্যাঙ্কারে কর্মরত প্রকৃত খালাসিদেরও অভিনয়ে যুক্ত করা হয়েছে, যা চলচ্চিত্রটিকে আরও বাস্তবসম্মত করে তুলেছে।

সিনেমায় ‘পাচক মকবুল’ চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। উল্লেখযোগ্য বিষয় হলো, পুরো সিনেমায় তাঁর কোনো সংলাপ নেই। তবে চরিত্রটি গ্রহণের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘সিনেমায় আমাদের কিছু অভিনেতা-অভিনেত্রী আছেন, যারা স্ক্রিপ্ট পেলে কয়টা ডায়ালগ আছে তা মার্ক করেন। কিন্তু থিয়েটার থেকে আমরা যারা এসেছি, আমরা কখনও এটা করিনি। অভিনয় আসলে শুধু সংলাপ না, এটি অ্যাকশন এবং রিঅ্যাকশন।’

মুক্তির আগেই আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে ‘মাস্তুল’। চলচ্চিত্রটি ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে ‘স্পেশাল মেনশন’ সম্মাননা অর্জন করেছে। এছাড়া রাশিয়ার ১৮তম চেবোক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পেয়েছে ‘বেস্ট আর্টিস্টিক কন্ট্রিবিউশন’ পুরস্কার। এর পাশাপাশি স্পেনের ২৬তম ইমাজিন ইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সেরা মানবিক চলচ্চিত্র’ বিভাগেও মনোনয়ন পেয়েছে ‘মাস্তুল’।