রবিবার, ১২ জুলাই, ২০২৬

সংসার জীবনের স্মৃতিবিজড়িত দিল্লির সেই বাড়ি ৩৭ কোটি রুপিতে কিনে নিলেন শাহরুখ খান


বলিউড বাদশাহ শাহরুখ খান তাঁর বৈবাহিক জীবনের প্রথম স্মৃতিবিজড়িত দিল্লির পঞ্চশীল পার্কের বাড়িটির বাকি অংশের মালিকানা কিনে নিয়েছেন। প্রায় ৩৭ কোটি রুপিতে (ভারতীয় রুপি) বাড়িটির দ্বিতীয় ও তৃতীয় তলা কিনে সম্পূর্ণ ভবনের একক মালিকানা এখন নিজের করে নিলেন এই সুপারস্টার। ১৯৯১ সালে বিয়ের পর স্ত্রী গৌরী খানের সঙ্গে এই বাড়িতেই প্রথম সংসার শুরু করেছিলেন কিং খান।

১১ জুলাই ২০২৬, ৮:১০ অপরাহ্ণ 

সংসার জীবনের স্মৃতিবিজড়িত দিল্লির সেই বাড়ি ৩৭ কোটি রুপিতে কিনে নিলেন শাহরুখ খান
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বর্তমানে 'কিং' সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ব্যস্ততার মাঝেই জীবনের অন্যতম এক আবেগঘন স্মৃতি নতুন করে ফিরে পেলেন তিনি। দিল্লির যে বাড়িটিতে তাঁর সংসার জীবনের প্রথম অধ্যায় শুরু হয়েছিল, সেটির সম্পূর্ণ মালিকানা এখন এই তারকা দম্পতির।

এর আগে দক্ষিণ দিল্লির অভিজাত পঞ্চশীল পার্ক এলাকার এই বহুতল ভবনটির বেজমেন্ট এবং প্রথম তলাটি শাহরুখ পরিবারের মালিকানায় ছিল। তবে বাকি অংশটি ছিল অন্য মালিকের অধীনে। এবার প্রায় ৩৭ কোটি রুপি ব্যয় করে বাকি তলাগুলোও কিনে নিলেন তিনি। উল্লেখ্য, গত বছর শাহরুখ-পুত্র আরিয়ান খানও এই একই ভবনে কয়েকটি ফ্লোর কিনেছিলেন।

শাহরুখ খানের জীবনের সঙ্গে দিল্লির সম্পর্ক অত্যন্ত গভীর ও আবেগের। এই শহরেই তাঁর বেড়ে ওঠা, পড়াশোনা এবং অভিনয় জীবনের শুরুর দিকের লড়াই। ১৯৯১ সালে গৌরী খানকে বিয়ে করার পর মুম্বাইয়ে স্থায়ীভাবে পাড়ি জমানোর আগে এই বাড়িতেই কিছুদিন কাটান এই দম্পতি। ফলে বিশ্বজুড়ে মান্নাতসহ একাধিক বিলাসবহুল সম্পত্তি থাকলেও, দিল্লির এই বাড়িটি তাঁদের কাছে কেবল একটি স্থাবর সম্পত্তি নয়; বরং এটি তাঁদের দাম্পত্য জীবনের প্রথম অধ্যায়ের সাক্ষী এবং একটি স্বপ্নে আঁকা চিরসবুজ স্মৃতি।