মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

গ্রন্থাগার ব্যবস্থাপনায় এআই নতুন যুগের সূচনা করেছে: প্রধান উপদেষ্টা ইউনূস


বাংলাদেশ গ্রন্থাগার সমিতির (ল্যাব) ৭০ বছর পূর্তি উপলক্ষে দেওয়া বাণীতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, জ্ঞান ও উদ্ভাবনের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রয়োগ গ্রন্থাগার ব্যবস্থাপনায় নতুন অধ্যায় উন্মোচন করেছে।

১১ ডিসেম্বর ২০২৫, ৭:৩৫ অপরাহ্ণ 

গ্রন্থাগার ব্যবস্থাপনায় এআই নতুন যুগের সূচনা করেছে: প্রধান উপদেষ্টা ইউনূস
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জ্ঞানভিত্তিক সমাজ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, গ্রন্থাগার ব্যবস্থাপনায় এআই প্রযুক্তির সঠিক ও ইতিবাচক প্রয়োগ তথ্যসংরক্ষণ, জ্ঞান পুনরুদ্ধার ও ব্যবহারকারীর সেবায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

‘বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব)-এর ৭০ বছর পূর্তি’ উদযাপন উপলক্ষে ১২ ও ১৩ ডিসেম্বর আয়োজিত অনুষ্ঠানের বাণীতে তিনি বলেন, তথ্য সংগঠন, জ্ঞান সংরক্ষণ, তথ্য পুনরুদ্ধার- সবক্ষেত্রেই এআই-ভিত্তিক প্রযুক্তি লাইব্রেরিকে আধুনিক, দক্ষ ও ব্যবহারকারী-বান্ধব করে তুলতে পারে।

প্রধান উপদেষ্টা জানান, ল্যাব ১২ ও ১৩ ডিসেম্বর ‘ল্যাব ইন্টারন্যাশনাল কনফারেন্স অন রিইমাজিনিং লাইব্রেরিয়ানশীপ: ফরজিং দ্য ফিউচার উইথ অল টেকনোলজিস’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে- যা তাকে আনন্দিত করেছে। তিনি বলেন, ল্যাবের এই আয়োজন দেশের লাইব্রেরি পেশাজীবীদের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের গবেষক ও বিশেষজ্ঞদের একত্রিত করছে- যা অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ।

বাণীতে তিনি ল্যাবের সাত দশকের নিরলস ভূমিকার প্রশংসা করে বলেন, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান পেশার উন্নয়নে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্যসমৃদ্ধ, প্রযুক্তিনির্ভর ও মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষা ব্যবস্থা অপরিহার্য, আর এই সম্মেলন সে প্রয়াসে একটি মাইলফলক হবে।অবশেষে প্রধান উপদেষ্টা ল্যাব আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করেন।