বাংলাদেশসহ ৭ দেশের জন্য সৌদির নতুন ভিসা প্যাকেজ
১৩ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
অতিবৃষ্টি ও বন্যার কারণে শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা যথারীতি চলবে। সোমবার (১৩ জুলাই) রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিরূপ আবহাওয়ার মধ্যে চলমান পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগের ব্যাখ্যা দিয়ে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা দেশের ১১টি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে। মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এতে অংশ নিচ্ছে। যেহেতু সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হচ্ছে, তাই একটি বোর্ডের বিশেষ পরিস্থিতির কারণে সব বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা বাস্তবসম্মত নয়। বারবার পরীক্ষা স্থগিত করা হলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন, ফলাফল প্রকাশ, বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম এবং সামগ্রিক শিক্ষা ক্যালেন্ডার মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
টানা অতিবৃষ্টি ও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিভিন্ন পরীক্ষাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরীক্ষার্থীদের পক্ষে নিরাপদে কেন্দ্রে যাতায়াত অসম্ভব হয়ে পড়েছে। ফলে সংশ্লিষ্ট এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকদের মতামতের ভিত্তিতে শুধু চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।
কমিটি জানিয়েছে, দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধিকাংশ পরীক্ষাকেন্দ্র স্বাভাবিক কার্যক্রম পরিচালনার উপযোগী রয়েছে। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসনের সার্বক্ষণিক সমন্বয় ও প্রতিবেদনের ভিত্তিতেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। সোমবার সকালে কুমিল্লার সরকারি মহিলা কলেজ কেন্দ্রসহ কিছু জায়গায় পরীক্ষার্থীদের যাতায়াতে সাময়িক ভোগান্তি হলেও স্থানীয় প্রশাসন ও অভিভাবকদের সহযোগিতায় শিক্ষার্থীরা যথাসময়ে পরীক্ষায় অংশ নিতে পেরেছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি স্পষ্ট জানিয়েছে, পরীক্ষার্থীদের জীবন ও নিরাপত্তাই তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। যদি কোনো অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষার্থীদের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেয়, তবে সংশ্লিষ্ট জেলা প্রশাসক পরিস্থিতি মূল্যায়ন করে তাৎক্ষণিক পরীক্ষা স্থগিত বা প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবেন।
একই সাথে, বিরূপ আবহাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় পর্যাপ্ত সময় হাতে রেখে সতর্কতার সঙ্গে রওনা হওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ জানিয়েছে শিক্ষা বোর্ড।