রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

শ্রেণিকক্ষ ও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর


শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রযুক্তির যুগে ঘরে বসেই যেমন পৃথিবী দেখা সম্ভব, তেমনি শ্রেণিকক্ষ ও পরীক্ষাকেন্দ্রও পর্যবেক্ষণ করা যাবে। এজন্য পর্যায়ক্রমে সব ক্লাসরুম ও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

১১ এপ্রিল ২০২৬, ৭:২২ অপরাহ্ণ 

শ্রেণিকক্ষ ও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের রাজশাহী অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, অতীতে সরকারের সদিচ্ছা ও শিক্ষকদের সহযোগিতায় নকল প্রতিরোধ করা সম্ভব হয়েছিল। এবারও একইভাবে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, ইলেক্ট্রনিক ডিভাইসের অপব্যবহার ঠেকাতে এবং শিক্ষার মান উন্নয়নে সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি শুধু পরীক্ষার জন্য নয়, বরং ক্লাসরুমে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি ও কার্যক্রম মনিটরিংয়ের জন্যও ব্যবহৃত হবে।

মন্ত্রী বলেন, “শিক্ষার্থীরা অভিযোগ করে ক্লাস হয় না, আবার শিক্ষকরা বলেন শিক্ষার্থীরা আসে না। এই সমস্যা সমাধানে ক্লোজ সার্কিট ক্যামেরা থাকবে। এতে বোঝা যাবে ক্লাস ঠিকমতো হচ্ছে কি না।” ঢাকায় বা অন্য যেকোনো স্থান থেকে বসেই ক্লাস পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এ প্রসঙ্গে তিনি খালেদা জিয়া-এর উদাহরণ টেনে বলেন, এখন আর সরেজমিনে যাওয়ার প্রয়োজন নেই, প্রযুক্তিই সেই কাজ সহজ করে দিয়েছে।

শিক্ষাখাতে বাজেট বৃদ্ধির পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রী শিক্ষাখাতে ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার নির্দেশনা দিয়েছেন, যা একটি বড় অঙ্ক। তবে সেই অর্থ কার্যকরভাবে ব্যবহার করার সক্ষমতা গড়ে তুলতে ধাপে ধাপে বাজেট বাড়ানো হবে।

সভায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদসহ অন্যান্যরা। এর আগে সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনারে অংশ নেন শিক্ষামন্ত্রী। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের সমস্যা শোনেন। শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস না হওয়া, ল্যাবের পুরোনো যন্ত্রপাতি ও হাতে-কলমে শিক্ষার ঘাটতির অভিযোগ তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “পরীক্ষায় ফেল করলে শুধু তোমরা না, আমরাও ব্যর্থ হব। তাই সবাইকে দায়িত্বশীল হতে হবে।”