শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

ঈদের আগে এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা কবে, যা জানা গেল


পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের ৪ লাখেরও বেশি এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর এসেছে। সব প্রক্রিয়া ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতেই তারা নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে উৎসব ভাতার টাকা তুলতে পারবেন।

১০ মার্চ ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ 

ঈদের আগে এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা কবে, যা জানা গেল
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে দেশের ৪ লাখেরও বেশি এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জন্য প্রতীক্ষিত সুখবর এসেছে। সব প্রক্রিয়া ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতেই শিক্ষক-কর্মচারীরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে উৎসব ভাতার (ঈদ বোনাস) টাকা তুলতে পারবেন।

মঙ্গলবার (১০ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। মাউশি জানিয়েছে, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার আনুষ্ঠানিক প্রস্তাব ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়-এ পাঠানো হয়েছে। আগামীকাল বুধবার (১১ মার্চ) মন্ত্রণালয় থেকে এই প্রস্তাবের চূড়ান্ত প্রশাসনিক ও আর্থিক অনুমোদন পাওয়ার কথা রয়েছে। মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত পাওয়ার পরপরই পরবর্তী প্রযুক্তিগত ধাপগুলো সম্পন্ন করবে মাউশি কর্তৃপক্ষ।

মাউশির অর্থ ও ক্রয় শাখার পরিচালক অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী গণমাধ্যমকে জানিয়েছেন, পবিত্র ঈদের আগে দ্রুততম সময়ের মধ্যে শিক্ষকদের হাতে বোনাসের অর্থ পৌঁছে দিতে তারা নিরলসভাবে কাজ করছেন। তিনি বলেন, “মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়ে এলে আগামী বৃহস্পতিবার সেটি সিস্টেমে পাঠানো হবে। আমরা আশা করছি, আগামী রবিবার অথবা সোমবারের (১৬ মার্চ) মধ্যে শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন।”

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের স্বচ্ছ প্রক্রিয়ার কারণে এখন আগের চেয়ে দ্রুত সময়ের মধ্যে বেতন-ভাতা পাওয়া সম্ভব হচ্ছে। সাধারণত প্রতি মাসে প্রতিষ্ঠান প্রধানরা অনলাইনে বেতনের প্রস্তাব পাঠান, যা মাউশি যাচাই-বাছাই করে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে অর্থ ছাড়ের ব্যবস্থা নেয়। এই অটোমেশন পদ্ধতির ফলে কয়েক বছর আগেও যে বিলম্ব দেখা যেত, তা এখন অনেকাংশেই কমে এসেছে বলে জানান তারা।