মৈত্রী পাইপলাইনে এলো আরও ৮ হাজার টন ডিজেল
১ মার্চ ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
দেশের শিক্ষা খাতে গুণগত পরিবর্তন আনতে সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার (১ মার্চ) বিকালে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থায় অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা বা ‘রেড টেপ’ দূর করতে হবে। কোর্স ও কারিকুলামকে আরও সময়োপযোগী, বাস্তবমুখী এবং উৎপাদনশীল করার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি জানান, ২০২৭ সালের লক্ষ্য বাস্তবায়নের জন্য চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করতে হবে। আগামী সপ্তাহের মধ্যেই এ প্রক্রিয়া শুরু করার ওপর জোর দিয়ে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সিলেবাস প্রস্তুত করতে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নিতে হবে।
ড. মিলন বলেন, শিক্ষা মন্ত্রণালয় কোনো প্রচলিত প্রশাসনিক মন্ত্রণালয়ের মতো নয়; এটি একটি মৌলিক ও জাতি গঠনের মন্ত্রণালয়। এই মন্ত্রণালয় দেশের ভবিষ্যৎ নির্মাণ করে এবং নতুন প্রজন্মকে গড়ে তোলে। তিনি আরও বলেন, “এটি আপনার দেশ, আপনার সন্তান, আপনার ভবিষ্যৎ। আগামীর বাংলাদেশ গড়তে হলে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে এবং নতুনভাবে চিন্তা করতে হবে।”
মাদ্রাসা ও সাধারণ শিক্ষার মানোন্নয়নে তিনি উন্নত দেশের শিক্ষামডেল, গবেষণা প্রবন্ধ এবং পিএইচডি গবেষকদের কাজ পর্যালোচনা করে কার্যকর ধারণা গ্রহণের পরামর্শ দেন। আন্তর্জাতিক অভিজ্ঞতা ও গবেষণালব্ধ জ্ঞান ধাপে ধাপে জাতীয় শিক্ষানীতিতে সংযুক্ত করার কথাও উল্লেখ করেন তিনি।
সভায় বক্তব্য দিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষা খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় সুনির্দিষ্ট ও বাস্তবভিত্তিক সমাধান প্রস্তাব প্রণয়নের আহ্বান জানান। তিনি বলেন, মাদ্রাসা বোর্ড ও সংশ্লিষ্ট অধিদপ্তরের দায়িত্ব, শিক্ষাসংক্রান্ত সমস্যা এবং প্রশাসনিক জটিলতা নিরসনে একটি সুসংগঠিত তালিকা মন্ত্রণালয়ে উপস্থাপন করা হলে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর-এর মহাপরিচালকসহ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।