শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

শেখ হাসিনাসহ সাবেক–বর্তমান সেনা কর্মকর্তাদের শুনানি আজ


আওয়ামী লীগ শাসনামলে টিএফআই ও জেআইসি সেলে গুম-নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক-বর্তমান শীর্ষ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে শুনানির দিন আজ। সকালে গ্রেপ্তার ১৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।

২৩ নভেম্বর ২০২৫, ৯:০৯ পূর্বাহ্ণ 

শেখ হাসিনাসহ সাবেক–বর্তমান সেনা কর্মকর্তাদের শুনানি আজ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ গুরুত্বপূর্ণ এই শুনানি অনুষ্ঠিত হবে। আজ গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ফেরত সংক্রান্ত প্রতিবেদন দাখিল এবং পলাতক শেখ হাসিনা, তারেক সিদ্দিকী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্টেট ডিফেন্স নিয়োগের সিদ্ধান্ত হতে পারে।

গত ২২ অক্টোবর টিএফআই সেলে গুমের দুই মামলায় গ্রেপ্তার ১৩ সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। ওই দিন মামলার পরবর্তী শুনানির জন্য ২০ নভেম্বর তারিখ ধার্য করা হলেও পরে তা পিছিয়ে ২৩ নভেম্বর নির্ধারণ করা হয়।

গত ৮ অক্টোবর পৃথক দুই মামলায় মোট ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আদালত অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং ২২ অক্টোবর শুনানির দিন ধার্য করা হয়।

র‌্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম-নির্যাতনের অভিযোগে শেখ হাসিনাসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। এ তালিকায় রয়েছেন সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ র‌্যাব ও সেনাবাহিনীর বহু সাবেক-বর্তমান উচ্চপদস্থ কর্মকর্তা।

এ ছাড়া জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি)—যা ‘আয়নাঘর’ নামে পরিচিত—সেখানে গুমের অভিযোগে আরেক মামলায় শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৩ জনকে আসামি করা হয়। এ মামলায় ডিজিএফআইয়ের সাবেক একাধিক মহাপরিচালক, জেনারেল ও ব্রিগেডিয়ার পর্যায়ের অফিসারদের নাম রয়েছে।

এই দুই মামলায় কারাগারে থাকা ১৩ সেনা কর্মকর্তার মধ্যে রয়েছেন র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম, কেএম আজাদসহ আরও অনেকে। ১২ অক্টোবর ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করে তাদের সেখানে রাখা হয়।

২০ নভেম্বরের স্থগিত শুনানির পরিবর্তে আজ ২৩ নভেম্বর এই বহুল আলোচিত মামলার শুনানি অনুষ্ঠিত হচ্ছে।