এলপিজির সংকট নেই, মজুত করে দাম বাড়ালে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
১ অক্টোবর ২০২৬, ১:৪৮ অপরাহ্ণ
রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে বিভিন্ন থানায় ৩১টি মামলা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যের পাশাপাশি বেশ কিছু দেশীয় অস্ত্র, যানবাহন ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপি সূত্রে জানা যায়, রাজধানীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে এসব গ্রেপ্তার করা হয়। এর মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ৯৬ জন এবং তেজগাঁও বিভাগে ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া লালবাগ বিভাগে ৫৭ জন, মতিঝিল বিভাগে ৫৫ জন, উত্তরা বিভাগে ৩৮ জন, ওয়ারী বিভাগে ৩৭ জন, রমনা ও গুলশান বিভাগে ২৮ জন করে, গোয়েন্দা বিভাগে ২০ জন এবং সিটিটিসির অভিযানে একজন গ্রেপ্তার হয়েছেন।
অভিযান চলাকালে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১৫২ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৭ হাজার ২৮টি ইয়াবা এবং ১৭৫ গ্রাম হেরোইন। মাদকের পাশাপাশি বিভিন্ন অপরাধে ব্যবহারের অভিযোগে বেশ কিছু আলামতও জব্দ করা হয়েছে।
উদ্ধার করা অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে ১৩টি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল, একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার। এছাড়া একটি ছোরা, একটি রামদা, একটি চাপাতি এবং দুটি সুইস গিয়ার চাকুও উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।