বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিনজনের কারাদণ্ড


বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-১ (মিরপুর) কার্যালয়ে দালালমুক্ত পরিবেশ নিশ্চিত ও সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয়জন আটক হয়েছেন। এর মধ্যে তিনজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং বাকি তিনজনকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সাধারণ মানুষকে দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করার অভিযোগে তাদের বিরুদ্ধে এ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ণ 

মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিনজনের কারাদণ্ড
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে আদালত-৩-এর অধীনে পরিচালিত এ অভিযানে কার্যালয় এলাকা থেকে দালালির অভিযোগে মোট ছয়জনকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের মধ্যে তিনজনকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অপর তিনজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—মো. আলামিন, মো. রতন ও মো. খোকন মিয়া।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, বিআরটিএতে সেবা নিতে আসা সাধারণ মানুষকে দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি চক্র কাগজপত্র ও টাকা-পয়সা হাতিয়ে নিত বলে দীর্ঘদিন ধরে অভিযোগ পাওয়া যাচ্ছিল।

তিনি আরও বলেন, সেবাগ্রহীতাদের হয়রানি ও ভোগান্তি কমানো এবং বিআরটিএ কার্যালয়কে দালালমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।