রবিবার, ৭ জুন, ২০২৬

‘আমি ধর্ষিতার বাবা হতে চাইনি, গর্বিত পিতা হতে চেয়েছিলাম’-পল্লবীতে শিশু হত্যা মামলার রায় আজ


রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সি শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় আজ (রোববার) রায় ঘোষণা করতে যাচ্ছেন আদালত। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় দেবেন। এই মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ। এদিকে, এই রায়ের ঠিক আগের দিন শনিবার রাজধানীতে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে নিহত শিশুর বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি একজন ধর্ষিতার বাবা, একজন খণ্ডিত লাশের বাবা। কিন্তু আমি তো এভাবে পরিচিত হতে চাইনি। আমি গর্বিত পিতা হয়ে থাকতে চেয়েছিলাম।”

৭ জুন ২০২৬, ৮:২৭ পূর্বাহ্ণ 

‘আমি ধর্ষিতার বাবা হতে চাইনি, গর্বিত পিতা হতে চেয়েছিলাম’-পল্লবীতে শিশু হত্যা মামলার রায় আজ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

“এক ফ্ল্যাটের দরজা থেকে আরেক ফ্ল্যাটের দরজার দূরত্ব মাত্র তিন ফুট। এ তিন ফুটের মধ্যেও যদি আমরা একটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে না পারি তাহলে শুধু সরকারকে দায়ী করলে হবে না। আমি জানতে চাই-এ দায়িত্ব কে নেবে? এ দায়িত্ব কি আমার অবহেলা, সমাজের অবহেলা, না রাষ্ট্রের অবহেলা?”-রাজধানীর পল্লবীতে পাশবিক নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারানো ৮ বছরের শিশু রামিসার বাবার এই আকুল প্রশ্নে শনিবার ভারী হয়ে উঠেছিল পুরো মিলনায়তন।

রাজধানীর শহীদ আবু সাঈদ সেন্টারে বিএনপির উদ্যোগে গঠিত ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’ আয়োজিত ‘বাংলাদেশে শিশু নির্যাতন ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন এই হতভাগ্য পিতা। তিনি ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, “আমাকে কেউ আর আমার নামে চেনে না। আমাকে একজন ধর্ষিতার বাবা হিসেবে চেনে, খণ্ডিত লাশের বাবা হিসেবে চেনে। আমি কি তার জন্য দায়ী? আপনারা আমাকে সেই নাম ফিরিয়ে দিন, আমাকে সেই সম্মান ফিরিয়ে দিন।”

তবে দ্রুততম সময়ে মামলার বিচারকাজ শেষ করার সরকারি উদ্যোগে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “বাংলাদেশ সরকার দ্রুত বিচার শেষ করার যে আশ্বাস দিয়েছিল, তার প্রতিফলন আমি দেখতে পেয়েছি। আলহামদুলিল্লাহ, আশা করি এ রায় বাংলাদেশের ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। একজন বাবা হিসেবে আমি সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছি এবং সেই শাস্তি যেন দ্রুত কার্যকর হতে দেখি।” তিনি আরও জানান, ঘটনার এতদিন পরও তার স্ত্রী চরম মানসিক ট্রমার মধ্যে রয়েছেন এবং তাকে প্রতিনিয়ত দেখভাল করতে হচ্ছে।

বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শিশুদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশ নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। দেশে ক্রমবর্ধমান শিশু নির্যাতন মোকাবিলায় জাতীয় পর্যায়ে একটি সমন্বিত শিশু নিরাপত্তা টাস্কফোর্স গঠন জরুরি হয়ে পড়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের সঙ্গে সাধারণ মানুষকেও সোচ্চার হতে হবে। সমাজের প্রতিটি স্তরে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক কাজী গোলাম মোখলেছুর রহমান তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, বর্তমান সময়ে ধর্ষণের ধরন পরিবর্তন হচ্ছে এবং এর সাথে সহিংসতা অনেক বাড়ছে। অন্যদিকে বিএনপির নেত্রী নিপুণ রায় চৌধুরী বলেন, স্মার্ট প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে দেশে সাইবার বুলিং ও শিশুদের নিয়ে অশ্লীল কনটেন্ট তৈরির অপরাধ বহুগুণ বেড়েছে, যার ফলে শিশুরা এখন চার দেওয়ালের মধ্যেও নিরাপদ নয়।

গত ১৯ মে পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরপরই মূল অভিযুক্ত সোহেল রানা বাথরুমের গ্রিল কেটে পালিয়ে গেলেও ওইদিনই সন্ধ্যায় ফতুল্লা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং ফ্ল্যাট থেকে আটক করা হয় তার স্ত্রী স্বপ্না আক্তারকে। এই নৃশংস ঘটনার পর ৪ দিনের মাথায় চার্জশিট ও নজিরবিহীন গতিতে মাত্র ১৯ দিনের মাথায় আজ মামলার রায় ঘোষণা করা হচ্ছে। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছে।