শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণায় আইনি বাধা নেই: প্রেস সচিব


গণভোট বা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকার প্রচারণা চালাতে পারবে এবং এতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

১১ জানুয়ারী ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ 

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণায় আইনি বাধা নেই: প্রেস সচিব
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকার প্রচারণা চালাবে এবং এতে আইনগত কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এ বিষয়ে আইন বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছে এবং তারা জানিয়েছেন—আইনের দৃষ্টিতে এতে কোনো সমস্যা নেই।

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে ইইউ জানায়, আসন্ন নির্বাচনে তারা বড় আকারের একটি পর্যবেক্ষক দল পাঠাবে। অতীতে তারা কোনো পর্যবেক্ষক দল পাঠায়নি, কারণ আগের তিনটি নির্বাচনকে তারা গ্রহণযোগ্য মনে করেনি।

শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইতে পারে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা ইইউকে জানিয়েছেন, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান প্রস্তুত রয়েছে। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

নির্বাচনী পরিবেশ নিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত ভালো লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান রয়েছে। সরকার কোনো রাজনৈতিক দলকে অতিরিক্ত সুবিধা দিচ্ছে না। সোশ্যাল মিডিয়া নিয়ে সতর্কতার কথাও উল্লেখ করেন প্রেস সচিব। তিনি বলেন, নির্বাচনের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। পতিত সরকারের লোকজন মিসইনফরমেশন ছড়িয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতে পারে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও বলেন, সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) মূল্যায়ন অনুযায়ী নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে এবং যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সজাগ রয়েছে।