শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে ভাঙচুর, আটক ৩০-এর বেশি


শুল্ক না কমিয়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা। এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের বেশি ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

১ জানুয়ারী ২০২৬, ৯:১৭ অপরাহ্ণ 

এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে ভাঙচুর, আটক ৩০-এর বেশি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

শুল্ক না কমিয়ে মোবাইল ফোন নিবন্ধন বাধ্যতামূলক করতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকাল ৪টার পর মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীরা আকস্মিকভাবে বিটিআরসি ভবনের সামনে জড়ো হয়ে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায় এবং এ পর্যন্ত ৩০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, “ওরা আকস্মিকভাবে হামলা চালিয়েছে। ইটপাটকেল ছুড়ে মারছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।” হামলার সময় বিটিআরসির মসজিদের কাঁচ ভেঙে যায়। ওই সময় সেখানে কর্মকর্তা-কর্মচারীরা নামাজ আদায় করছিলেন। তবে তাৎক্ষণিকভাবে কেউ আহত হয়েছেন বলে জানা যায়নি।

বিটিআরসির এক কর্মকর্তা জানান, হঠাৎ করে ভাঙচুর শুরু হওয়ায় ভবনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি বলেন, “রাস্তা থেকে কয়েকশ বিক্ষোভকারী ভবনের দিকে ইটপাটকেল ছুড়ছে। এতে ভবনের বিভিন্ন কাঁচ ভেঙে গেছে। ছুটি শেষ হলেও আমরা নিরাপত্তার কারণে কেউ বের হতে পারছি না।” এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।