মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
রাজধানীতে অভিযান •

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৭, মামলা ৫৭


রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৫৭টি মামলা দায়েরের পাশাপাশি ১২ হাজার ১৪২ পিস ইয়াবা, ২০ কেজির বেশি গাঁজা, হেরোইন, মদ, বিয়ার, ককটেল ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। উদ্ধার করা হয়েছে একজন ভিকটিমও।

২৪ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ 

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৭, মামলা ৫৭
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫৭টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, বিস্ফোরিত ও অবিস্ফোরিত ককটেলের অংশবিশেষসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৩২ জন রয়েছেন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ১০৫ জন, মতিঝিল বিভাগে ৫৮ জন, ওয়ারী বিভাগে ৫৬ জন, উত্তরা বিভাগে ৪১ জন, গুলশান বিভাগে ৪০ জন, লালবাগ বিভাগে ৩৬ জন এবং রমনা বিভাগে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ৪ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৩ জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে উদ্ধার করা হয় একটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ককটেলের ১৩টি অংশবিশেষ। মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২০ কেজি ২৫৬ গ্রাম গাঁজা, ১২ হাজার ১৪২ পিস ইয়াবা, ৫ গ্রাম হেরোইন, ১৮ বোতল বিদেশি মদ ও ১১৮ ক্যান বিয়ার।

এ ছাড়া একটি সিএনজি, ১৪টি মোবাইল ফোন, নগদ ২ হাজার ৬০০ টাকা এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষ।