মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স এলো ১৮৮ কোটি ৭০ লাখ ডলার


চলতি আগস্ট মাসের প্রথম ১৭ দিনে দেশে ১৮৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৩ হাজার ২১০ কোটি ১০ লাখ টাকা। গত বছরের একই সময়ের তুলনায় এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩২ দশমিক ৬০ শতাংশ।

১৮ আগস্ট ২০২৬, ৮:৫২ অপরাহ্ণ 

আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স এলো ১৮৮ কোটি ৭০ লাখ ডলার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

চলতি আগস্ট মাসের প্রথম ১৭ দিনে দেশে ১৮৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৩ হাজার ২১০ কোটি ১০ লাখ টাকা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এ হিসাব করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সোমবার (১৭ আগস্ট) একদিনেই দেশে ১ হাজার ২০৫ কোটি ৪০ লাখ টাকা সমপরিমাণ প্রবাসী আয় এসেছে।

গত বছরের আগস্ট মাসের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৪২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩২ দশমিক ৬০ শতাংশ। এদিকে চলতি অর্থবছরের শুরু থেকে ১৭ আগস্ট পর্যন্ত দেশের মোট রেমিট্যান্স প্রবাহও আগের বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত দেশে মোট ৪৭৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৩৯০ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ৪৮ দিনে দেশে প্রবাসী আয় বেড়েছে ৮৪ কোটি ৪০ লাখ ডলার, যা শতাংশের হিসাবে ২১ দশমিক ৬০ শতাংশ বেশি।

প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী প্রবাহকে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়ায় বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ার পাশাপাশি দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্যেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে।