বুধবার, ২৪ জুন, ২০২৬

দেশে রিজার্ভ বেড়ে ৩৫.৭৯ বিলিয়ন ডলার


দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে। একদিনের ব্যবধানে গ্রস ও বিপিএম-৬ উভয় পদ্ধতিতেই রিজার্ভের পরিমাণ বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের গ্রস (মোট) রিজার্ভ বেড়ে এখন ৩৫ হাজার ৭৯৮ দশমিক ১১ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৩৫ দশমিক ৭৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

২৩ জুন ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ 

দেশে রিজার্ভ বেড়ে ৩৫.৭৯ বিলিয়ন ডলার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩৫ হাজার ৭৯৮ দশমিক ১১ মিলিয়ন বা ৩৫ দশমিক ৭৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান রিজার্ভ বৃদ্ধির এই তথ্য নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ২৩ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭৯৮ দশমিক ১১ মিলিয়ন ডলার। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি 'বিপিএম-৬' (BPM6) অনুযায়ী বর্তমান রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ২৪৪ দশমিক ২২ মিলিয়ন মার্কিন ডলারে।

এর আগে, গত ২২ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ হাজার ৭৩৬ দশমিক ৬১ মিলিয়ন মার্কিন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩১ হাজার ১৮১ দশমিক ০৬ মিলিয়ন ডলার। অর্থাৎ, মাত্র একদিনের ব্যবধানে গ্রস রিজার্ভ বেড়েছে প্রায় ৬১.৫ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পরিমাপ অনুযায়ী রিজার্ভ বেড়েছে প্রায় ৬৩.১৬ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করে নিট বা প্রকৃত রিজার্ভ গণনা করা হয়, যা আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি হিসেবে পরিচিত।