ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি আলোচনা, শাহবাজ শরিফের সঙ্গে ইরানি প্রতিনিধিদলের বৈঠক
১২ এপ্রিল ২০২৬, ৮:৪৪ অপরাহ্ণ
দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (১২ এপ্রিল) ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতি ও চলমান বিভিন্ন যুদ্ধের কারণে দেশের মানুষ এক ধরনের শঙ্কার মধ্যে রয়েছে। এ অবস্থায় সরকারের প্রথম অগ্রাধিকার হচ্ছে কোনো পণ্যের দাম না বাড়ানো। সেই লক্ষ্য সামনে রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, ভোজ্যতেল একটি অত্যন্ত সংবেদনশীল পণ্য। এর দাম বাড়লে সাধারণ ভোক্তাদের ওপর সরাসরি প্রভাব পড়ে। এ কারণে নিয়মিত বিরতিতে তেলের সরবরাহ, আমদানি ও বাজার পরিস্থিতি পর্যালোচনা করা হয়। তবে সর্বশেষ বৈঠকে দাম বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের ভোজ্যতেল সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতেও তারা এ প্রস্তাব জানায়।
পরবর্তীতে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন প্রস্তাবটি যাচাই-বাছাই করে আপাতত দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এদিকে, আজ অনুষ্ঠিত দুই দফা বৈঠকে তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর জন্য দাম না বাড়িয়ে কীভাবে মুনাফা সমন্বয় করা যায়, সে বিষয়ে কিছু বাড়তি সুবিধা দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। তবে কী ধরনের সুবিধা দেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।