বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক


ঈদুল ফিতরের ছুটির মধ্যেও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঈদের দিন ছাড়া ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত বন্দর ও শিল্পাঞ্চলে প্রয়োজন অনুযায়ী ব্যাংকের শাখা চালু থাকবে।

১৬ মার্চ ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ 

ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ঈদুল ফিতরের ছুটির মধ্যেও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঈদের দিন ছাড়া আগামী ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত বন্দর ও শিল্পাঞ্চল এলাকায় প্রয়োজন অনুসারে ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ খোলা রাখতে বলা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। পরে তা কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় আমদানি-রপ্তানিসংক্রান্ত কার্যক্রম সচল রাখতে সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও প্রয়োজন অনুযায়ী সীমিত পরিসরে ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ খোলা রাখতে হবে। এছাড়া আগামী ১৮ ও ১৯ মার্চ শিল্প এলাকায় অবস্থিত বিশেষ শাখাগুলো সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে গ্রাহকদের সঙ্গে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

নির্দেশনায় আরও বলা হয়েছে, সাভার, গাজীপুর, টঙ্গি, আশুলিয়া, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাকশিল্পঘন এলাকাগুলো এ সুবিধার আওতায় থাকবে। তবে ১৭ মার্চ এবং ২০ থেকে ২৩ মার্চ পর্যন্ত গ্রাহকদের সঙ্গে লেনদেনের সময় সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজ নিজভাবে নির্ধারণ করতে পারবে। এদিকে ২১ মার্চ চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর উদযাপিত হলে সেদিন সব ব্যাংক বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।