চার মাস পর ওয়ানডেতে ফিরছে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান
৯ মার্চ ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং তেলের দাম একফোঁটাও বাড়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার (৯ মার্চ) ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে বাজারে যে সংকটের কথা শোনা যাচ্ছে, তা মূলত আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটার ফল। অনেক ভোক্তা একসঙ্গে বেশি পরিমাণে তেল কিনে নেওয়ায় কিছু জায়গায় সাময়িকভাবে সরবরাহে চাপ তৈরি হয়েছে। তিনি বলেন, কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে কোথাও কোথাও ভোজ্যতেলের সংকট বা লিটারে দুই টাকা বেশি দামে বিক্রির খবর প্রকাশ পাওয়ায় পরিস্থিতি পর্যালোচনার জন্য এই বৈঠক ডাকা হয়। বৈঠকে আমদানিকারক ও রিফাইনারি মালিকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে।
মন্ত্রী জানান, কিছু এলাকায় ভোক্তাদের আতঙ্কিত হয়ে বেশি কেনাকাটার প্রবণতার কারণে অল্প সময়ের জন্য দোকানে তেল শেষ হয়ে যেতে পারে। তবে সামগ্রিকভাবে বাজারে সরবরাহ স্বাভাবিক রয়েছে।
নিজের একটি অভিজ্ঞতার কথাও তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, রাজধানীর একটি বাজারে গিয়ে দেখেছেন রাস্তার পাশের বড় দোকানগুলোতে ভোজ্যতেল পর্যাপ্ত রয়েছে এবং বোতলের গায়ে নির্ধারিত দামই লেখা আছে। তবে বাজারের ভেতরের একটি দোকানে সীমিত মজুত রেখে প্রতি লিটারে দুই থেকে তিন টাকা বেশি দামে বিক্রির চেষ্টা করা হচ্ছিল।
ভোক্তাদের উদ্দেশে তিনি বলেন, আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটার কোনো প্রয়োজন নেই। বাজারে পর্যাপ্ত পণ্য থাকায় অযথা প্রতিযোগিতা করলে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিতে পারে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জ্বালানি তেলের মতো ভোজ্যতেলের ক্ষেত্রেও কোনো সংকট নেই। জ্বালানি তেল, গ্যাস বা ভোজ্যতেল- কোনোটিতেই সংকট নেই। তাই এসব পণ্যের সঙ্গে ‘সংকট’ শব্দটি যুক্ত করে অযথা বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে। একই সঙ্গে গুজব ও আতঙ্ক ছড়ানো থেকে বিরত থাকার জন্যও সবার প্রতি আহ্বান জানান।
তেলের দাম বাড়ার আশঙ্কা নিয়ে করা এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তেলের দাম একফোঁটাও বাড়বে না। ভোক্তারা নিশ্চিন্তে বাজার করতে পারেন।’ বাজারে কোনো অনিয়ম হলে সরকার ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। এ সময় তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার তদারকি করছে এবং জেলা প্রশাসনও প্রয়োজন অনুযায়ী অভিযান পরিচালনা করবে।