রবিবার, ৩১ মে, ২০২৬

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ


ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ (৩০ মে)। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে তিনি নির্মমভাবে শাহাদাত বরণ করেন। দিবসটি গভীর শ্রদ্ধা ও শোকের সাথে স্মরণ করতে এবং দলের প্রতিষ্ঠাতার স্মৃতি রক্ষার্থে টানা ৮ দিনব্যাপী দেশজুড়ে বিস্তারিত কর্মসূচি পালন করছে বিএনপি।

৩০ মে ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ণ 

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

শহীদ জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মনসুর রহমান কলকাতায় একজন কেমিস্ট হিসেবে কর্মরত থাকায় তাঁর শৈশবের একটি বড় অংশ বাবার সঙ্গে কলকাতায় কাটে। দেশ বিভাগের পর তাঁরা করাচিতে চলে যান। শিক্ষাজীবন শেষে ১৯৫৩ সালে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি হন এবং ১৯৫৫ সালে কমিশন লাভ করেন।

১৯৭১ সালের ২৫ মার্চ কালোরাতে পাকিস্তানি হানাদার বাহিনী যখন নিরীহ ও নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে, তখন জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। দীর্ঘ নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে তিনি একটি সেক্টরের অধিনায়ক ও 'জেড ফোর্স'-এর প্রধান হিসেবে সম্মুখ সমরে বীরত্বপূর্ণ নেতৃত্ব দেন। স্বাধীনতা যুদ্ধে তাঁর এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্র তাঁকে ‘বীরোত্তম’ খেতাবে ভূষিত করে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট তৎকালীন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর এক বিশেষ পটভূমিতে জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। ওই বছরের ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানে খন্দকার মোশতাক আহমদ ক্ষমতাচ্যুত হলে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াকে গৃহবন্দী করা হয়। পরবর্তীতে ৭ নভেম্বরের ঐতিহাসিক সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে তিনি মুক্ত হন এবং দেশের নেতৃত্বের হাল ধরেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। 

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ২৫ মে থেকে শুরু হওয়া বিএনপির ৮ দিনব্যাপী কর্মসূচি আগামী ১ জুন পর্যন্ত চলবে। আজ ৩০ মে (শনিবার) ভোর ৬টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। দলের সর্বস্তরের নেতাকর্মীরা আজ কালো ব্যাজ ধারণ করেছেন।

আজ সকাল ১১টায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর নেতৃত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ সর্বস্তরের নেতাকর্মীরা শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ ও মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারত শেষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানায় এবং দেশের বিভিন্ন ইউনিটে অসচ্ছল ও দুঃস্থ মানুষের মাঝে কাপড়, চাল, ডালসহ খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হচ্ছে। এছাড়া আগামীকাল ৩১ মে বেলা ২টায় রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বিএনপির উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।দিবসটি উপলক্ষে বিশেষ পোস্টার ও বিভিন্ন জাতীয় দৈনিকে এবং অনলাইন নিউজ পোর্টালে স্মরণিকা বা ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে।