শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

ভোট দেওয়ায় স্ত্রীকে মৌখিক তালাক, ফেনীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা পালাতক


নিষেধ অমান্য করে ভোট দেওয়ায় ফেনীতে নিজ স্ত্রীকে মৌখিকভাবে তিন তালাক দেওয়ার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয় জনতার তোপের মুখে পড়ে তিনি পালিয়ে গেছেন।

১২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ 

ভোট দেওয়ায় স্ত্রীকে মৌখিক তালাক, ফেনীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা পালাতক
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইসমাইল হোসেন কাওসার ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে কাওসার তার স্ত্রী বিবি জহুরাকে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করেন। তবে প্রথমবার ভোটার হওয়ায় জহুরা উৎসাহের সঙ্গে তিন সন্তানকে নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন। সে সময় কাওসার বাড়িতে ঘুমিয়ে ছিলেন।

ভোট দিয়ে সকাল ১০টার দিকে বাড়ি ফিরে স্বামীসহ সবার জন্য নাশতা তৈরি করেন জহুরা। পরে কাওসার ঘুম থেকে উঠে নাশতা করেন এবং কিছু সময় এলাকায় ঘোরাফেরা করে দুপুরে খাবার খেয়ে আবার বিশ্রাম নেন। বিকেলে ঘুম থেকে উঠে বাড়ির পাশের রাস্তায় গিয়ে জানতে পারেন, তার স্ত্রী ভোট দিতে গিয়েছিলেন।

মাগরিবের সময় স্ত্রীকে বিষয়টি জিজ্ঞেস করলে জহুরা জীবনের প্রথম ভোট দেওয়ার কথা জানান। এতে ক্ষিপ্ত হয়ে কাওসার বাড়ির পাশের রাস্তায় জহুরাকে মৌখিকভাবে তিন তালাক দেন বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে তাকে নিজের ঘরে না যাওয়ার কথাও বলেন।

ঘটনার পর স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে কাওসারকে আটক করে মারধর করেন। পরে তিনি স্ত্রীকে দেওয়া মৌখিক তালাক ফিরিয়ে নেবেন- এমন আশ্বাস দিয়ে কৌশলে সেখান থেকে পালিয়ে যান।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৩ সালে ফেনী সদর উপজেলার মধুয়াই বাজার এলাকার নুর আহম্মদের মেয়ে বিবি জহুরার সঙ্গে কাওসারের বিয়ে হয়। তাদের সংসারে আবদুল আলিম শুভ (১২), সাবিনা আফরিস ইভানা (৮) ও ইসরাত জাহান ইসমাত (৪) নামে তিন সন্তান রয়েছে।

নুরুল আফছার নামে এক গ্রামবাসী জানান, বিয়ের পর থেকেই জহুরাকে প্রায়ই মারধর করতেন কাওসার। এ নিয়ে একাধিকবার সামাজিকভাবে সালিশ হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।