মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে নতুন করে চিঠি দিয়েছে বাংলাদেশ: শামা ওবায়েদ


জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে সম্প্রতি ভারত সরকারের কাছে নতুন করে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, কূটনৈতিক প্রক্রিয়া ও প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পলাতক আসামিদের দেশে এনে বিচার কার্যকর করার উদ্যোগ অব্যাহত রয়েছে।

২০ জুলাই ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ 

আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে নতুন করে চিঠি দিয়েছে বাংলাদেশ: শামা ওবায়েদ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে সম্প্রতি নতুন করে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ।

সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর রমনায় বিস মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া ভারতে অবস্থানরত অন্যান্য পলাতক ব্যক্তিদের প্রত্যর্পণের ক্ষেত্রেও প্রয়োজন অনুযায়ী পৃথকভাবে চিঠি পাঠানো হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ২০২৫ সালের ২৬ নভেম্বর বাংলাদেশ সরকার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের আওতায় আনতে ভারতকে চিঠি দিয়েছিল। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুরোধের পর আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে আবারও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি পাঠানো হয়েছে।

এটি দ্বিতীয় দফার চিঠি কি না- এমন প্রশ্নের উত্তরে শামা ওবায়েদ বলেন, আসাদুজ্জামান খানের বিরুদ্ধে বাংলাদেশের আইনে বিচার চলছে। তিনি পলাতক আসামি হওয়ায় তাকে দেশে ফিরিয়ে আনার জন্য যে ধরনের কূটনৈতিক পদক্ষেপ প্রয়োজন, সে অনুযায়ী চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার শুরু থেকেই জানিয়ে আসছে যে, কূটনৈতিক নীতিমালা, আন্তর্জাতিক প্রটোকল এবং বাংলাদেশ-ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় আসাদুজ্জামান খানকে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে। একইভাবে শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক আসামির বিরুদ্ধেও আইন অনুযায়ী বিচার কার্যক্রম চলবে।

চিঠিটি ঠিক কবে পাঠানো হয়েছে- এ বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এটি সম্প্রতি পাঠানো হয়েছে এবং এই চিঠিটি শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে উদ্দেশ্য করেই দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বিতভাবে পরবর্তী পদক্ষেপ নেবে। কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবে।

শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। যেসব পলাতক আসামির বিচার শেষ হয়েছে এবং সাজা হয়েছে, তাদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে আইনের আওতায় বিচার কার্যকর করাই সরকারের লক্ষ্য।