শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

স্বাধীনতা দিবসে ঢাকায় ঝটিকা মিছিল: সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৫


রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঝটিকা মিছিল বের করার অভিযোগে এক সরকারি কর্মচারীসহ কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে আগারগাঁওয়ের আইডিবি ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়।

২৬ মার্চ ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ 

স্বাধীনতা দিবসে ঢাকায় ঝটিকা মিছিল: সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৫
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানী ঢাকার শেরেবাংলা নগর এলাকায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঝটিকা মিছিল বের করায় এক সরকারি কর্মচারীসহ কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে আগারগাঁওয়ের আইডিবি ভবনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ৯টার দিকে আগারগাঁওয়ের বিটিআরসি ভবন এলাকা থেকে ১৫-২০ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। মিছিলটি আইডিবি ভবনের সামনে পৌঁছালে টহলরত পুলিশ তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে মিছিলে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়লে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. হাসান আলী (৪৩), জিসান আহমেদ (৩৯), মো. রইসুল ইসলাম মানিক, মো. ফারুক ইসলাম (৩৬) ও আশিক মোহাম্মদ (২৪)। তাদের মধ্যে হাসান আলী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মচারী বলে জানা গেছে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মিছিলের খবর পাওয়া মাত্রই পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে অংশগ্রহণকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন সরকারি কর্মচারী রয়েছেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।