শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

শীত বাড়তেই সবজির বাজারে স্বস্তি, কমেছে নতুন আলু ও অধিকাংশ সবজির দাম


সারাদেশে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে বাড়ছে শীতকালীন সবজির সরবরাহ। ফলে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে কমতে শুরু করেছে অধিকাংশ সবজির দাম। নতুন আলু থেকে শুরু করে বাঁধাকপি, ফুলকপি ও শিম- সবকিছুর দামই এখন সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে চলে এসেছে।

২৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ অপরাহ্ণ 

শীত বাড়তেই সবজির বাজারে স্বস্তি, কমেছে নতুন আলু ও অধিকাংশ সবজির দাম
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সারাদেশে শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে কমতে শুরু করেছে সবজির দাম। এতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজি ও নতুন আলুর দাম আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে।

বিক্রেতারা জানান, শীত বাড়ায় মাঠ থেকে সবজি ওঠার পরিমাণ বেড়েছে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বাজারে দাম নিম্নমুখী হয়েছে। সামনের দিনগুলোতে দাম আরও কমতে পারে বলেও আশা করছেন তারা।

বর্তমানে বাজারে পুরনো পেঁয়াজের দাম তুলনামূলক বেশি থাকলেও নতুন মুড়িকাটা পেঁয়াজ প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি করা পেঁয়াজ পাওয়া যাচ্ছে কেজিপ্রতি ৭০ থেকে ৭৫ টাকায়। বিক্রেতাদের মতে, দুই থেকে তিন সপ্তাহ আগের তুলনায় পেঁয়াজের দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে।

সবজির মধ্যে মাঝারি আকারের বাঁধাকপি বাজার ও মানভেদে বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল ৩০ টাকার বেশি। একইভাবে কমেছে ফুলকপির দাম। আকারভেদে ফুলকপি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩৫ টাকায়। শিমের বাজারেও দাম নিম্নমুখী। বর্তমানে চার ধরনের শিম পাওয়া যাচ্ছে—নতুন আসা বিচিওয়ালা শিম কেজি ৬০ টাকায় এবং অন্যান্য জাতের শিম ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

নতুন আলুর দামে সবচেয়ে বড় স্বস্তি দেখা গেছে। কয়েক সপ্তাহ আগেও নতুন আলুর কেজি যেখানে ১০০ থেকে ১২০ টাকা ছিল, বর্তমানে তা নেমে এসেছে মাত্র ২০ থেকে ২৫ টাকায়। এছাড়া মুলা বিক্রি হচ্ছে কেজি ৩০ থেকে ৪০ টাকায়। বেগুনের দামও কমেছে; গত সপ্তাহের তুলনায় কেজিপ্রতি প্রায় ১০ টাকা কমে বর্তমানে ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

পাকা টমেটোর দাম কিছুটা কমলেও এখনো পুরোপুরি ক্রেতাদের নাগালে আসেনি। বর্তমানে পাকা টমেটো কেজি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে শাকের বাজারে রয়েছে স্বস্তি। পালং শাক, লাল শাক ও মুলা শাকের আঁটি পাওয়া যাচ্ছে ১০ থেকে ১৫ টাকায়। ডিম ও মুরগির বাজার মোটামুটি স্থিতিশীল রয়েছে। ফার্মের বাদামি ডিম প্রতি ডজন বাজারভেদে ১১৫ থেকে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির কেজি ১৫৫ থেকে ১৬৫ টাকা এবং সোনালি মুরগির কেজি ২৪০ থেকে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার পরিস্থিতি এমন থাকলে শীত মৌসুমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে আরও স্বস্তি মিলবে বলে আশা করছেন ক্রেতারা।