শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

১৪ ডিগ্রিতে নামল ঢাকার তাপমাত্রা, ঘন কুয়াশায় শীতের দাপট


বৃহস্পতিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। সঙ্গে ঘন কুয়াশা ও মেঘলা আকাশের কারণে বেলা গড়ালেও সূর্যের দেখা মেলেনি।

২৫ ডিসেম্বর ২০২৫, ৯:৪১ পূর্বাহ্ণ 

১৪ ডিগ্রিতে নামল ঢাকার তাপমাত্রা, ঘন কুয়াশায় শীতের দাপট
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানী ঢাকায় শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) আগের দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমে গেছে। সকাল থেকেই ঘন কুয়াশা ও মেঘলা আকাশের কারণে শীতের অনুভূতি আরও প্রকট হয়ে উঠেছে।

আবহাওয়া অধিদফতর জানায়, বৃহস্পতিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দুপুর পর্যন্ত এই তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে সার্বিকভাবে আবহাওয়া শুষ্কই থাকবে। এই সময়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়, দিনের তাপমাত্রায় বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে সারাদিনই শীতের অনুভূতি বজায় থাকতে পারে।

আবহাওয়ার পরিসংখ্যান অনুযায়ী, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ, যা শীতের সঙ্গে কুয়াশার মাত্রা বাড়িয়েছে।

এদিকে তীব্র শীত ও কুয়াশার কারণে ভোর ও সকালের সময় রাজধানীর সড়কগুলোতে যান চলাচল কিছুটা ধীরগতির দেখা গেছে। সাধারণ মানুষ শীত নিবারণের জন্য গরম কাপড় ও শীতবস্ত্র ব্যবহার করতে শুরু করেছেন।