প্রাথমিকের ২ কোটি শিক্ষার্থীর জন্য উন্নত ‘মিড-ডে মিল’ পরিকল্পনা
২৮ এপ্রিল ২০২৬, ১:০১ অপরাহ্ণ
পাহাড়ি ঢলের পানির প্রবল চাপে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ইকরছড়ি (এরনবিল) হাওরের জামখলা খালের বাঁধ ভেঙে পড়েছে। এতে হাওরের বিস্তীর্ণ জমির বোরো ধান পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার হামিদপুর গ্রামের কাছে মনাই নদীর পানির চাপ বেড়ে গেলে খালের এই বাঁধটি ভেঙে যায়।
স্থানীয় কৃষকদের দাবি, বাঁধটির ভেতরে থাকা হাওর এলাকার হামিদপুর, চান্দালিপাড়া, চাঁনপুর, গড়াকাটা, হরিনাকান্দী, তেলিগাঁও ও বাগারপাড়া গ্রামের কৃষকেরা প্রায় ২০০ একর জমিতে বোরো ধান চাষ করেছেন। এর মধ্যে অর্ধেক ধান ইতোমধ্যে কাটা হলেও, বাকি জমির ধান হঠাৎ পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়েছে।
বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কামাল মিয়া জানান, স্থানীয় উদ্যোগে নির্মিত এই বাঁধের ওপর নির্ভর করেই কয়েকটি গ্রামের কৃষক চাষাবাদ করে আসছিলেন। বাঁধ ভেঙে যাওয়ায় শতাধিক বিঘা জমির ধান তলিয়ে যেতে পারে। তবে কৃষকেরা দ্রুত ধান কেটে তোলার চেষ্টা করছেন।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাওলাদার বলেন, ভেঙে যাওয়া বাঁধটি মূলত একটি জলমহালের অংশ, যা বোরো ফসল রক্ষার জন্য নির্মিত স্থায়ী বাঁধ নয়। তবে আশপাশে কিছু চাষাবাদের জমি থাকতে পারে।
মধ্যনগর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় ঘোষ জানান, এটি আসলে খালের ওপর নির্মিত একটি গ্রামীণ মাটির রাস্তা, যা পাহাড়ি ঢলের চাপে ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকা মূলত জলমহাল হলেও এর তীরে প্রায় ১১৪ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছিল। এর মধ্যে ৫০ হেক্টরের ধান ইতোমধ্যে কাটা হয়েছে। বাকি অংশের মধ্যে প্রায় ৫ থেকে ১০ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তিনি আরও জানান, স্থানীয় লোকজন দ্রুত ধান কেটে তোলার পাশাপাশি ভাঙা অংশ মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।