মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় স্কুলে বন্দুকধারীর হামলা, হামলাকারীসহ নিহত ১০


কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে একটি মাধ্যমিক বিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় হামলাকারীসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২৫ জন। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ণ 

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় স্কুলে বন্দুকধারীর হামলা, হামলাকারীসহ নিহত ১০
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের টাম্বলার রিজ শহরের একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। বুধবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এ হামলা চালানো হয়। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, হামলাকারীসহ মোট ১০ জন নিহত হয়েছেন এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন।

পুলিশ জানায়, স্কুল ভবনের ভেতরেই সন্দেহভাজন হামলাকারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হামলার পর তিনি আত্মহত্যা করেছেন। তবে হামলার পেছনের উদ্দেশ্য এবং দ্বিতীয় কোনো সন্দেহভাজন জড়িত ছিলেন কিনা, তা নিশ্চিত করতে তদন্ত চলছে।

আরসিএমপির তথ্য অনুযায়ী, স্কুল প্রাঙ্গণ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এছাড়া শহরের একটি কমিউনিটির আবাসিক ভবন থেকে আরও দুজনের লাশ পাওয়া গেছে, যাদের সঙ্গে হামলার যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। হামলার পরপরই টাম্বলার রিজ পুলিশ জরুরি সতর্কতা জারি করে এবং শহরের প্রায় ২ হাজার ৪০০ বাসিন্দাকে ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়। আশপাশের এলাকা থেকে অতিরিক্ত পুলিশ, অ্যাম্বুলেন্স ও জরুরি চিকিৎসা দল মোতায়েন করা হয়েছে।

পিস রিভার সাউথ স্কুল ডিস্ট্রিক্ট জানায়, ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে ‘লকডাউন’ এবং টাম্বলার রিজ এলিমেন্টারি স্কুলে ‘সিকিউর অ্যান্ড হোল্ড’ জারি করা হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

এলাকার আইনপ্রণেতা ল্যারি নিউফেল্ড বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী ও চিকিৎসা সহায়তা পাঠানো হয়েছে। তবে চলমান অভিযানের নিরাপত্তার কথা বিবেচনা করে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না।

প্রাদেশিক সরকারের ওয়েবসাইট অনুযায়ী, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট ১৭৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত। ছোট শহরটিতে এ ধরনের সহিংস ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা এবং হামলার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যাবে না বলে জানিয়েছে পুলিশ।