বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইটের অনুমতি পেল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স


ঢাকা থেকে করাচিতে সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। আঞ্চলিক বিমান যোগাযোগের ক্ষেত্রে এটিকে নতুন বছরের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে দেশটি।

৭ জানুয়ারী ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ 

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইটের অনুমতি পেল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ঢাকা থেকে করাচিতে সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অনুমতি দিয়েছে পাকিস্তান। শুক্রবার (২ জানুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম সামা নিউজ এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি এ সিদ্ধান্তকে আঞ্চলিক বিমান চলাচলের একটি বড় ব্রেকথ্রু হিসেবে উল্লেখ করে বলেছে, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে আকাশ যোগাযোগে নতুন বছরে এটি একটি নতুন অধ্যায়ের সূচনা।

সূত্র জানায়, সরকারের আনুষ্ঠানিক অনুমোদনের পর পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল অ্যাভিয়েশন অথরিটি-সিএএ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। প্রাথমিকভাবে এই অনুমোদন ২০২৬ সালের ৩০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। পরে এটি পুনরায় পর্যালোচনা করা হতে পারে।

নতুন অনুমোদন অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে নির্ধারিত ও অনুমোদিত রুট ব্যবহার করে পাকিস্তানের আকাশসীমায় চলাচল করতে হবে। এ ক্ষেত্রে নির্ধারিত রুট কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দিয়েছে পাকিস্তানের বিমান চলাচল কর্তৃপক্ষ।

অনুমোদনের পাশাপাশি করাচি বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে একটি নির্দিষ্ট স্লটও বরাদ্দ দেওয়া হয়েছে। ঢাকা থেকে ফ্লাইট পরিচালনার আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে ফ্লাইটসংক্রান্ত বিস্তারিত তথ্য সরবরাহ করতে হবে এবং অপারেশনাল সমন্বয় ও নিরাপত্তা সংক্রান্ত সব শর্ত পূরণ নিশ্চিত করতে হবে।

পাকিস্তানের বিমান চলাচল সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট চালু হলে বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশের জনগণ উপকৃত হবে। এতে ভ্রমণ আরও সহজ হবে, জনগণ-টু-জনগণ সম্পর্ক জোরদার হবে এবং ব্যবসা ও বাণিজ্য সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হবে।

সূত্র আরও জানায়, সব প্রস্তুতি সম্পন্ন হলে জানুয়ারি মাসের শেষের দিকে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খানও ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি নিশ্চিত করেছিলেন।