বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

আসছে মেয়েদের বিপিএল, ৩ থেকে ১৫ এপ্রিল মাঠে নামছে তিন ফ্র্যাঞ্চাইজি


আইপিএল, বিগ ব্যাশ ও দ্য হান্ড্রেডের পর এবার বাংলাদেশেও শুরু হচ্ছে মেয়েদের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সবকিছু ঠিক থাকলে আগামী ৩ থেকে ১৫ এপ্রিল তিনটি দল নিয়ে প্রথমবারের মতো মেয়েদের বিপিএল আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১১ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২৪ অপরাহ্ণ 

আসছে মেয়েদের বিপিএল, ৩ থেকে ১৫ এপ্রিল মাঠে নামছে তিন ফ্র্যাঞ্চাইজি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বিশ্বজুড়ে নারী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ছে। ভারতের নারী আইপিএল, অস্ট্রেলিয়ার উইমেনস বিগ ব্যাশ ও ইংল্যান্ডের দ্য হান্ড্রেডের পর এবার বাংলাদেশেও শুরু হচ্ছে মেয়েদের বিপিএল।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে মেয়েদের বিপিএল চালুর ঘোষণা দেয়। সূচি অনুযায়ী, আগামী ৩ থেকে ১৫ এপ্রিল অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের প্রথম আসর।

সূত্র জানিয়েছে, উদ্বোধনী আসরে অংশ নেবে তিনটি ফ্র্যাঞ্চাইজি দল। প্লেয়ার্স ড্রাফট পদ্ধতিতে দেশি ক্রিকেটারদের দলে ভেড়ানোর সুযোগ থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর। পাশাপাশি বিদেশি ক্রিকেটার নেওয়ার সুযোগও থাকবে।

নারীদের বিপিএলের গভর্নিং কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিসিবি পরিচালক রুবাবা দৌলা। তিনি বলেন, ‘আমরা তিনটি দল নিয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করব। মেয়েদের ক্রিকেটে এটা খুব ভালো সুযোগ হবে। দলগুলো চাইলে বিদেশি ক্রিকেটারদেরও আনতে পারবে।’ তবে একজন দলে কতজন বিদেশি ক্রিকেটার রাখা যাবে কিংবা ফ্র্যাঞ্চাইজি নির্বাচন প্রক্রিয়া কীভাবে হবে- এসব বিষয় এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।

বাংলাদেশ নারী ক্রিকেট দল সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে রয়েছে। সর্বশেষ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে সব ম্যাচ জিতে সবার আগে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে টাইগ্রেসরা। বাছাইপর্বে শীর্ষস্থান অধিকার করে দেশে ফেরায় দলের আত্মবিশ্বাসও তুঙ্গে। এমন প্রেক্ষাপটে মেয়েদের বিপিএল চালুর সিদ্ধান্তকে নারী ক্রিকেটের বিকাশে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এতে ঘরোয়া পর্যায়ে প্রতিযোগিতা বাড়বে এবং আন্তর্জাতিক মানের ক্রিকেটার তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।