শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে সাবিনার নেতৃত্বে বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা


প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সাফজয়ী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনকেই ফুটসাল দলেও অধিনায়ক করা হয়েছে। আগামী জানুয়ারিতে শুরু হতে যাওয়া এই ঐতিহাসিক আসরে সাবিনার নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ।

২৪ ডিসেম্বর ২০২৫, ৬:০৪ অপরাহ্ণ 

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে সাবিনার নেতৃত্বে বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

প্রথমবার অনুষ্ঠিত হতে যাওয়া সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাফুফে। ঘোষিত দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নারী ফুটবলের সফলতম অধিনায়ক সাবিনা খাতুন। সহ-অধিনায়ক হিসেবে রাখা হয়েছে সুমাইয়া মাতসুশিমা, মাসুরা পারভীন ও কৃষ্ণারানী সরকারকে।

দলে জায়গা পেয়েছেন ইংলিশ কোচ পিটার বাটলারের বিপক্ষে বিদ্রোহের ঘটনায় ফুটবল দল থেকে বাদ পড়া ডিফেন্ডার মাসুরা পারভীন এবং ফরোয়ার্ড কৃষ্ণারানী সরকার ও সুমাইয়া মাতসুশিমা। এছাড়া দীর্ঘদিন ফুটবল মাঠের বাইরে থাকা মিশরাত জাহান মৌসুমীকেও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ফুটসাল দলে বাড়তি অভিজ্ঞতা যোগ করবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

নারী ফুটসাল দলের কোচের দায়িত্বে থাকছেন ইরানের সাঈদ খোদারাহমি, যিনি এর আগেও নারী ফুটবল দলের সঙ্গে কাজ করেছেন। তার অধীনে প্রথমবারের মতো ফুটসালের আন্তর্জাতিক মঞ্চে নামছে বাংলাদেশের মেয়েরা।

২০২৬ সালের ১৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ। ছেলেদের মতো মেয়েদের আসরেও অংশ নিচ্ছে সাতটি দেশ। বাংলাদেশ ছাড়াও টুর্নামেন্টে খেলবে ভারত, ভুটান, নেপাল, মালদ্বীপ, পাকিস্তান ও শ্রীলঙ্কা। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর পর্যায়ক্রমে ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং সবশেষ মালদ্বীপের বিপক্ষে খেলবে সাবিনারা। বাংলাদেশ নারী ফুটসাল দল: সাবিনা খাতুন (অধিনায়ক), সুমাইয়া মাতসুশিমা, মাসুরা পারভীন, কৃষ্ণারানী সরকার, লিপি আক্তার, মেহেনুর আক্তার, নওশন জাহান, নিলুফা ইয়াসমিন নিলা, মারজিয়া, রাত্রি মনি, সুমি খাতুন, মিশরাত জাহান মৌসুমি, ইতি রানী, সাথী বিশ্বাস ও স্বপ্না আক্তার জিলি।