নীহার চমক • মক্কার পবিত্র কাবার সামনে ছবি, বিয়ের ইঙ্গিত দিলেন অভিনেত্রী নীহা
৯ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
মৌসুমের শুরুতে দুর্দান্ত ছন্দে থাকলেও সাম্প্রতিক সময়ে বড় ম্যাচে টানা হারে সমালোচনার মুখে পড়েছিল বার্সেলোনা। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও রিয়াল মাদ্রিদের কাছে পরাজয়ের পর দলটির সামর্থ্য নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে সব সমালোচনার জবাব মাঠেই দিল হানসি ফ্লিকের শিষ্যরা। আতলেতিকো মাদ্রিদের মাঠে ২-১ গোলের জয় তুলে নিয়ে শিরোপার লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল কাতালানরা।
রোববার রাতে মেত্রোপলিতানো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। প্রথম ১০ মিনিটেই দুই দল গোলের একাধিক সুযোগ তৈরি করে। হুলিয়ান আলভারেজের প্রচেষ্টা এবং আতলেতিকোর মার্ক পুবিলের হেড গোলপোস্টে বাধা পায়। অন্যদিকে বার্সেলোনার পেদ্রির জোরালো শটও পোস্টে লেগে ফিরে আসে।
তবে ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। হুলিয়ান আলভারেজের বাড়ানো ক্রস থেকে কাছাকাছি অবস্থান নিয়ে জালে বল পাঠান জুলিয়ানো সিমেওনে। গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালালেও শুরুতে নিজেদের স্বাভাবিক ছন্দ খুঁজে পাচ্ছিল না বার্সেলোনা।
তবে বিরতির ঠিক আগে ম্যাচে ফেরে সফরকারীরা। বক্সের ভেতর তৈরি হওয়া জটলা থেকে বল পেয়ে দুর্দান্ত শটে গোল করেন ফেরমিন লোপেজ। তাঁর গোলেই ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন আলভারেজ। কিন্তু তাঁর চিপ শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। সেই সুযোগ হাতছাড়া করার খেসারত দিতে হয় আতলেতিকোকে। ম্যাচের ৬৬ মিনিটে লামিন ইয়ামালের নিখুঁত পাস পেয়ে ঠান্ডা মাথায় গোলরক্ষক ইয়ান অবলাককে পরাস্ত করেন ফেরমিন। নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি দলকে এনে দেন গুরুত্বপূর্ণ লিড।
চলতি লিগে ১১ ম্যাচে এটি ফেরমিনের সপ্তম গোল। ২৩ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডারের জোড়া গোলেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত হয় বার্সেলোনার।
ম্যাচের বাকি সময়ে সমতায় ফেরার চেষ্টা করেও সফল হয়নি আতলেতিকো। ফলে প্রতিপক্ষের মাঠ থেকেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফেরে ফ্লিকের দল।
এই জয়ের গুরুত্ব শুধু তিন পয়েন্ট পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ও কোপা দেল রেতে আতলেতিকোর কাছে হারের তিক্ত স্মৃতি ছিল বার্সেলোনার। এবার সেই প্রতিপক্ষের মাঠে জয় তুলে নিয়ে কিছুটা হলেও পুরোনো ক্ষতের জবাব দিল তারা।
পাশাপাশি বড় ম্যাচে বার্সেলোনার ব্যর্থতা নিয়ে যে সমালোচনা চলছিল, এই জয় তারও জোরালো জবাব। গুরুত্বপূর্ণ সময়ে ঘুরে দাঁড়িয়ে শিরোপার দৌড়ে নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়েই আন্তর্জাতিক বিরতিতে যাচ্ছে কাতালানরা।