ভরিতে ৪ হাজার ৪৭৪ টাকা কমল সোনার দাম
২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ণ
বাংলাদেশের পেসার খালেদ আহমেদকে দলে ভিড়িয়েছে ইংলিশ কাউন্টি ক্লাব কেন্ট। সেপ্টেম্বরের কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ দিকের চার ম্যাচে ক্লাবটির হয়ে খেলবেন তিনি। কেন্টের বোলিং আক্রমণে খালেদের সঙ্গে থাকবেন বাংলাদেশের আরেক পেসার হাসান মাহমুদ। চলতি মৌসুমের শেষ দিকে দলের বোলিং বিভাগকে আরও শক্তিশালী করতেই বাংলাদেশের এই দুই পেসারকে দলে নিয়েছে ইংলিশ কাউন্টি ক্লাবটি।
২০১৫ সালে নিজের বিভাগ সিলেটের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় খালেদের। এখন পর্যন্ত ৭০টি প্রথম শ্রেণির ম্যাচে ১৯০ উইকেট নিয়েছেন ৩৩ বছর বয়সী এই পেসার। বাংলাদেশের হয়ে ২০১৮ সালে টেস্ট অভিষেক হয় তার। জাতীয় দলের জার্সিতে ১৮টি টেস্ট খেলে ৩৪ উইকেট শিকার করেছেন তিনি।
কেন্টে যোগ দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন খালেদ আহমেদ। ক্লাবটির ওয়েবসাইটে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘কাউন্টি ক্রিকেট খেলা এবং কেন্টের মতো ঐতিহ্যবাহী একটি ক্লাবে যোগ দিতে পারা আমার জন্য সম্মানের। মৌসুমের এই সময়টা দলের জন্য গুরুত্বপূর্ণ। কেন্টকে প্রমোশন পেতে সহায়তা করতে আমি নিজের সর্বোচ্চটা দিতে চাই।’
কেন্টে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল বলেও জানিয়েছেন খালেদ। বাংলাদেশের সতীর্থ হাসান মাহমুদ ও নিজের এজেন্টের কাছ থেকে ক্লাবটি সম্পর্কে ইতিবাচক অভিজ্ঞতার কথা শুনেছেন তিনি।
খালেদ বলেন, ‘হাসান ও আমার এজেন্ট কেন্টে তাদের অভিজ্ঞতা এবং ক্লাবটির পরিবেশ নিয়ে অনেক ভালো কথা বলেছে। আশা করি কেন্টের সদস্য-সমর্থকদের পাশাপাশি বাংলাদেশের ভক্তদেরও গর্বিত করতে পারব।’
খালেদকে দলে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন কেন্টের ক্রিকেট পরিচালক সাইমন কুকও। তার মতে, মৌসুমের শেষ ভাগে দলের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করতে খালেদের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কুক বলেন, ‘সেপ্টেম্বরে হাসানের সঙ্গে খালেদকেও স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। এমন একজন বোলার চেয়েছিলাম, যিনি দ্রুত আমাদের স্কোয়াডকে শক্তিশালী করতে পারবেন এবং মৌসুমের শেষ ভাগে দলকে আরও বেশি বিকল্প দেবেন।’ কেন্টের শেষ চার ম্যাচের তিনটিই নিজেদের মাঠে অনুষ্ঠিত হবে। ফলে বোলারদের বিশ্রাম ও রোটেশনের সুযোগও তৈরি হবে বলে জানিয়েছেন কুক।
বাংলাদেশের দুই পেসারকে নিয়ে মৌসুমের শেষ চার ম্যাচে শক্তিশালী বোলিং আক্রমণ সাজানোর আশা করছে কেন্ট। এবার ইংলিশ কাউন্টি ক্রিকেটে একই দলের হয়ে খালেদ আহমেদ ও হাসান মাহমুদের পারফরম্যান্সের দিকেই নজর থাকবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের।