শনিবার, ২২ আগস্ট, ২০২৬

মিচেল স্টার্কের তাণ্ডবে ৬৪ রানে অলআউট বাংলাদেশ


ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে মিচেল স্টার্কের বিধ্বংসী পেস বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না বাংলাদেশ। মাত্র ৩৪ ওভারে ৬৪ রানে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। নিজেদের টেস্ট ইতিহাসে এটি বাংলাদেশের চতুর্থ সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

২২ আগস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ণ 

মিচেল স্টার্কের তাণ্ডবে ৬৪ রানে অলআউট বাংলাদেশ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই সাদমান ইসলামকে গোল্ডেন ডাকে ফিরিয়ে দেন মিচেল স্টার্ক। এরপর একে একে তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও লিটন দাসকে সাজঘরে পাঠিয়ে মাত্র ২২ বলেই নিজের ফাইফার পূর্ণ করেন অজি এই পেসার।

মাত্র ৬.৪ ওভারের মধ্যেই ১২ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। এ সময় ৪ ওভার বোলিং করে ৩টি মেডেনসহ মাত্র ৪ রান খরচ করেন স্টার্ক। টেস্ট ইতিহাসে দ্রুততম ৫ উইকেট শিকারের তালিকায় মাত্র ২২ বলে ফাইফার নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন তিনি।

এর আগে ক্যারিয়ারে মাত্র ১৫ বলে ৫ উইকেট নেওয়ার কীর্তিও রয়েছে স্টার্কের। জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই কীর্তি গড়েছিলেন অস্ট্রেলিয়ার এই তারকা পেসার।

স্টার্কের তাণ্ডবের পর বাংলাদেশের ব্যাটিং লাইনআপে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়নি। শেষ পর্যন্ত ১০ ওভার বল করে মাত্র ১৩ রান খরচায় ৬ উইকেট শিকার করেন তিনি। এর মধ্যে মেডেন ছিল ৬টি।

বাংলাদেশের বিপর্যয় আরও ভয়াবহ রূপ নেয় ৩৯ রানে নবম উইকেট হারানোর পর। তখন নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন ৪৩ রানে অলআউট হওয়ার আশঙ্কায় পড়ে যায় সফরকারীরা। তবে ৩০তম ওভারের শেষ বলে জশ হ্যাজেলউডকে চার মেরে সেই লজ্জা এড়ান তাইজুল ইসলাম।

বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১৪ রান করেন শরিফুল ইসলাম। শেষ পর্যন্ত তাইজুল ইসলাম অপরাজিত থাকেন। তার সঙ্গে ব্যাট হাতে প্রতিরোধ গড়ার মতো কোনো জুটি না হওয়ায় ৬৪ রানেই থামে বাংলাদেশের প্রথম ইনিংস।

সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়েই ম্যাকাই টেস্টে মাঠে নেমেছিল টাইগাররা। কিন্তু দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেই স্টার্কের আগুনঝরা বোলিংয়ে ব্যাটিংয়ের চরম দুর্দশা ফুটে উঠল।