বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

পাকিস্তানকে হারিয়ে ভারতের ওপরে বাংলাদেশ


সিলেট টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে শুধু সিরিজেই দাপট দেখায়নি টাইগাররা, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও ভারতকে পেছনে ফেলে উঠে এসেছে পঞ্চম স্থানে।
পাকিস্তানকে হারিয়ে ভারতের ওপরে বাংলাদেশ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

পাকিস্তানের বিপক্ষে টানা দুই টেস্টে দুর্দান্ত জয় তুলে নিয়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। মিরপুর টেস্টে ১০৪ রানের জয়ের পর এবার সিলেট টেস্টেও সফরকারীদের ৭৮ রানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও বড় অগ্রগতি হয়েছে বাংলাদেশের।

সিরিজ শুরুর আগে তালিকার আট নম্বরে থাকা বাংলাদেশ প্রথম টেস্ট জয়ের পর উঠে আসে ছয় নম্বরে। আর সিলেট টেস্টে জয় নিশ্চিত করার পর ভারতকে পেছনে ফেলে এখন পঞ্চম স্থানে অবস্থান করছে টাইগাররা।

২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এখন পর্যন্ত চারটি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে দুটি ম্যাচে জয় পেয়েছে, একটি হেরেছে এবং একটি ড্র করেছে। ফলে তাদের শতকরা পয়েন্ট দাঁড়িয়েছে ৫৮.৩৩।

অন্যদিকে, নয়টি টেস্ট খেলে ভারতের শতকরা পয়েন্ট এখন ৪৮.১৫। তারা চারটি ম্যাচ জিতেছে, চারটিতে হেরেছে এবং একটি ম্যাচ ড্র করেছে। বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যে তাই ভারত নেমে গেছে তালিকার নিচে।

বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। আট ম্যাচে তাদের শতকরা পয়েন্ট ৮৭.৫০। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড তিন টেস্টে পেয়েছে ৭৭.৭৮ শতাংশ পয়েন্ট। চার টেস্টে ৭৫.০০ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা এবং দুই টেস্টে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে শ্রীলঙ্কা।

দুর্দান্ত ছন্দে থাকা বাংলাদেশের সামনে এখন আরও ওপরে ওঠার সুযোগ। ব্যাটিং-বোলিংয়ে ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখতে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে বড় স্বপ্ন দেখতেই পারে শান্তর দল।