রবিবার, ১৭ মে, ২০২৬

বিসিবি নির্বাচনের তফশিল প্রকাশ, ভোট ৭ জুন


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে। শনিবার নির্বাচনের তফশিল ঘোষণা করেছে বিসিবি। এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তামিম ইকবালের নেতৃত্বে গঠিত অ্যাডহক কমিটিকে তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের দায়িত্ব দিয়েছিল।
বিসিবি নির্বাচনের তফশিল প্রকাশ, ভোট ৭ জুন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। শনিবার (১৬ মে) আনুষ্ঠানিকভাবে এ তফশিল প্রকাশ করে বিসিবি। ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বোর্ড পরিচালনা পর্ষদের নির্বাচন।

তফশিল অনুযায়ী, আগামী ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিক্রি করা হবে। আগ্রহী প্রার্থীরা ওই দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে বিসিবি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। এর আগে গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। পরে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়।

এনএসসি জানিয়েছিল, নতুন গঠিত অ্যাডহক কমিটি তিন মাসের মধ্যেই বিসিবির নির্বাচন আয়োজন করবে। সেই ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করছে তামিম ইকবালের নেতৃত্বাধীন কমিটি।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে বিসিবির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তবে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন সেই পরিচালনা পর্ষদ ছয় মাস পূর্ণ হওয়ার আগেই বিলুপ্ত করা হয়। দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন মহল থেকে বিরোধিতার মুখে পড়েছিল বুলবুলের নেতৃত্বাধীন কমিটি। কমিটি গঠনের পরপরই সাতজন পরিচালক পদত্যাগ করেন, যা বোর্ডের অভ্যন্তরীণ অস্থিরতাকে আরও বাড়িয়ে তোলে।