বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল হোসেন


বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ পেসার রুবেল হোসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তবে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার।

১৫ এপ্রিল ২০২৬, ৮:০৬ অপরাহ্ণ 

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল হোসেন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশের ডানহাতি পেসার রুবেল হোসেন। বুধবার (১৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

পোস্টে রুবেল হোসেন লিখেছেন, বাংলাদেশের জার্সিতে খেলার অভিজ্ঞতা তার জন্য ছিল অত্যন্ত আবেগঘন। জাতীয় দলের হয়ে তিনি ২৭টি টেস্ট, ১০৪টি ওয়ানডে এবং ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তবে সময়ের বাস্তবতা মেনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেটে এখনও খেলা চালিয়ে যেতে চান। ফলে মাঠে তার উপস্থিতি পুরোপুরি শেষ হচ্ছে না।

ক্যারিয়ারের শুরুটা হয়েছিল ২০০৯ সালে ওয়ানডে অভিষেকের মাধ্যমে। একই বছর টেস্ট ও টি-টোয়েন্টিতেও খেলেন তিনি। তার আন্তর্জাতিক ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত আসে ২০১৫ সালের বিশ্বকাপে, যেখানে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ৫৩ রানে ৪ উইকেট নিয়ে দলকে ঐতিহাসিক জয়ে সহায়তা করেন তিনি।

পরিসংখ্যানের দিক থেকে ওয়ানডেতে ১২৯টি, টেস্টে ৩৬টি এবং টি-টোয়েন্টিতে ২৮টি উইকেট শিকার করেছেন রুবেল হোসেন। টেস্ট ও ওয়ানডে- দুই ফরম্যাটেই রয়েছে তার একটি করে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি। অবসরের ঘোষণায় পরিবার, বন্ধু, গণমাধ্যমকর্মী এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ভবিষ্যতেও সবার ভালোবাসা ও সমর্থন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এই পেসার। পোস্টের শেষে সবার প্রতি ভালোবাসা জানান তিনি।