শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

ঈদের দিনে আন্তর্জাতিক জুডোতে বাংলাদেশের ঝলক, কাঠমান্ডুতে ২ স্বর্ণ ও ১ ব্রোঞ্জ


পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন দিনে আন্তর্জাতিক অঙ্গনে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতায় বিকেএসপির তরুণ জুডোকারা জিতে নিয়েছেন দুটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদক, যা দেশের ক্রীড়াঙ্গনে নতুন গৌরবের বার্তা ছড়িয়েছে।

২১ মার্চ ২০২৬, ৮:৪৭ অপরাহ্ণ 

ঈদের দিনে আন্তর্জাতিক জুডোতে বাংলাদেশের ঝলক, কাঠমান্ডুতে ২ স্বর্ণ ও ১ ব্রোঞ্জ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

পবিত্র ঈদুল ফিতরের উৎসবমুখর দিনে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে সাফল্যের হাসি ফুটিয়েছে বাংলাদেশ। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি দেশের ক্রীড়াবিদরা বিদেশের মাটিতে অর্জন করেছেন গুরুত্বপূর্ণ সাফল্য। একদিকে বাংলাদেশের ফুটবলাররা বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের ব্যস্ত সময় পার করছেন, অন্যদিকে জুডোতে এসেছে উজ্জ্বল অর্জন।

নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর ছয়জন জুডোকা। নেপাল জুডো ফেডারেশনের আমন্ত্রণে আয়োজিত এই প্রতিযোগিতার দ্বিতীয় দিনেই তিনটি ইভেন্টে অংশ নিয়ে বাংলাদেশ অর্জন করেছে দুটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ পদক। 

কাঠমান্ডুর নয়া বাজারে অবস্থিত বহুমুখী মার্শাল আর্ট সেন্টারে অনুষ্ঠিত ‘অষ্টম নেকোস আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপ’-এ মেয়েদের অনূর্ধ্ব-১৮ ক্যাডেট ৫৩+ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জিতেছেন আজিজা আলেয়া লিয়ন। একই দিনে বালক ক্যাডেট ৬২+ কেজি বিভাগে স্বর্ণ জিতেছেন উসাচিং মারমা বিজয়। এছাড়া দিনের শেষ ইভেন্টে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন রেমি হাসি।

পদক জয়ের বিষয়টি নিশ্চিত করেছেন বিকেএসপির সাবেক শিক্ষার্থী ও ময়মনসিংহ জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজ। নেপাল ক্রীড়া ফেডারেশনের অধীন জাতীয় জুডো সংস্থার আয়োজনে এই আন্তর্জাতিক টুর্নামেন্টে স্বাগতিক নেপাল ছাড়াও বাংলাদেশ ও ভুটানের প্রায় ৩০০ জন জুডোকা অংশ নিয়েছেন। প্রতিযোগিতায় বাংলাদেশের আরও দুই খেলোয়াড় আগামীকাল পদকের লড়াইয়ে অংশ নেবেন। ঈদের দিনে এমন সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।