শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

জাতীয় দলের নতুন প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন প্রধান নির্বাচক হিসেবে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি সহকারী নির্বাচক হিসেবে দায়িত্ব পাচ্ছেন সাবেক অলরাউন্ডার নাঈম ইসলাম। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিসিবি।

২০ মার্চ ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ 

জাতীয় দলের নতুন প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন আসছে। নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। একই সঙ্গে সহকারী নির্বাচক হিসেবে নিয়োগ পাচ্ছেন সাবেক ক্রিকেটার নাঈম ইসলাম। বিসিবির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে, তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

এর আগে গত ৮ মার্চ জাতীয় দলের নির্বাচক পদে আবেদনের সময়সীমা শেষ হয়। এই পদের জন্য মোট ১৬ জন সাবেক ক্রিকেটার আবেদন করেছিলেন। পরবর্তীতে তাদের মধ্য থেকে সাক্ষাৎকার গ্রহণ করা হয়।

সাক্ষাৎকার শেষে প্রধান নির্বাচক পদে হাবিবুল বাশার সুমনকে চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক এর আগেও সহকারী নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে সহকারী নির্বাচক পদে শুরুতে আলোচনায় ছিলেন দুই সাবেক ক্রিকেটার- তুষার ইমরান ও নাঈম ইসলাম। তবে শেষ পর্যন্ত নাঈম ইসলামকেই চূড়ান্ত করা হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এর ফলে জাতীয় দলের নির্বাচক প্যানেলে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি।

জাতীয় দলের এই নির্বাচক প্যানেল বাছাইয়ের প্রক্রিয়ায় বিসিবির চার পরিচালক যুক্ত ছিলেন। তারা হলেন ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট, নাজমুল আবেদিন ফাহিম এবং আব্দুর রাজ্জাক।

জানা গেছে, প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশারের মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৪ লাখ টাকা। অন্যদিকে সহকারী নির্বাচক নাঈম ইসলামের বেতন হতে পারে প্রায় ৩ লাখ টাকা। একই পরিমাণ বেতন পেতে পারেন আগে থেকেই সহকারী নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করা হাসিবুল ইসলাম শান্ত। বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দায়িত্ব চলতি মাসেই শেষ হচ্ছে। পাকিস্তান সিরিজে জয় পাওয়ার পরই তিনি জাতীয় দলের ক্রিকেটারদের কাছ থেকে বিদায়ও নিয়েছেন। এরপরই নতুন নির্বাচক প্যানেল গঠনের উদ্যোগ নেয় বিসিবি।