শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

আদালতের রায়ে বদলে গেল আফকন চ্যাম্পিয়ন - শিরোপা পেল মরক্কো


অনেক নাটকীয়তার পর আফ্রিকান কাপ অব নেশন্স-এর চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে মরক্কোকে। আপিল বোর্ডের রায়ে শিরোপা হারিয়েছে সেনেগাল।

১৮ মার্চ ২০২৬, ৮:৫৭ অপরাহ্ণ 

আদালতের রায়ে বদলে গেল আফকন চ্যাম্পিয়ন - শিরোপা পেল মরক্কো
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

নাটকীয় এক সিদ্ধান্তে বদলে গেল আফ্রিকান কাপ অব নেশন্স (আফকন)-এর চ্যাম্পিয়ন। গত জানুয়ারিতে ফাইনালে জয়ী হয়ে শিরোপা জিতেছিল সেনেগাল। তবে আপিল বোর্ডের রায়ে এবার চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে মরক্কোকে।

মঙ্গলবার (১৭ মার্চ) কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)-এর আপিল বোর্ড বিশৃঙ্খলা ও নিয়ম ভঙ্গের অভিযোগে সেনেগালকে অযোগ্য ঘোষণা করে মরক্কোকে ৩-০ ব্যবধানে বিজয়ী ঘোষণা করে। ফলে ১৯৭৬ সালের পর প্রথমবারের মতো আফ্রিকার সেরা হওয়ার গৌরব অর্জন করল মরক্কো।

গত জানুয়ারিতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। ইনজুরি সময়ে মরক্কোর রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম দিয়াস পেনাল্টি আদায়ের সুযোগ পান, যখন তিনি ডি-বক্সে ফাউলের শিকার হন এবং ভিএআর দেখে রেফারি পেনাল্টি দেন। এই সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে ওঠে সেনেগালের খেলোয়াড়রা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেলে দলের কোচ পাপ ঝাও খেলোয়াড়দের মাঠ ছেড়ে ড্রেসিং রুমে চলে যাওয়ার নির্দেশ দেন। এমনকি গ্যালারি থেকে দর্শকরাও মাঠে ঢোকার চেষ্টা করে, ফলে খেলা কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে সেনেগালের খেলোয়াড়রা মাঠে ফিরলেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৪তম মিনিটে জোরালো শটে গোল করে সেনেগালকে এগিয়ে দেন পাপ গেয়ি এবং দলটি জয় উদযাপন করে। তবে ম্যাচের পরই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে মরক্কোর ফুটবল ফেডারেশন। প্রাথমিক শুনানিতে সেনেগালকে ১০ লাখ ডলার জরিমানা করা হলেও ফলাফল বহাল রাখা হয়েছিল। কিন্তু মরক্কো সেই রায় মেনে নেয়নি এবং আপিল করে।

শেষ পর্যন্ত টুর্নামেন্টের ৮২ নম্বর ধারার আলোকে- যেখানে বলা আছে, রেফারির অনুমতি ছাড়া মাঠ ত্যাগ করলে দলকে পরাজিত ঘোষণা করা হ সেনেগালকে অযোগ্য ঘোষণা করা হয় এবং মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

তবে এখনও সুযোগ রয়েছে সেনেগাল-এর সামনে। তারা চাইলে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট-এ আপিল করতে পারবে, যার সদর দপ্তর লুজান-এ অবস্থিত।