শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারা: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর


সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে না পারার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। কূটনৈতিক কোনো ব্যর্থতা ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে।

১৭ মার্চ ২০২৬, ৭:৫৬ অপরাহ্ণ 

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারা: তদন্ত কমিটি গঠনের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে  বাংলাদেশের অংশগ্রহণ না করার বিষয়টি তদন্তের আওতায় আনতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

মঙ্গলবার (১৭ মার্চ) মিরপুরে এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ কেন বিশ্বকাপে অংশ নিতে পারেনি, সেখানে কোনো কূটনৈতিক ব্যর্থতা ছিল কি না এসব বিষয় বিস্তারিতভাবে খতিয়ে দেখা হবে। বিশ্বকাপে অংশ না নেওয়ার ফলে যে কূটনৈতিক জটিলতা সৃষ্টি হয়েছে, তা নিরসনে সরকার দ্রুত উদ্যোগ নেবে। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ক্রীড়াসহ সব ক্ষেত্রে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ দল আয়োজক দেশ ভারত-এ গিয়ে এবারের বিশ্বকাপে অংশ নিতে অস্বীকৃতি জানায়। বিকল্প হিসেবে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কা-তে আয়োজনের প্রস্তাব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আইসিসি সদস্য দেশগুলোর ভোটাভুটিতে সেই প্রস্তাব প্রত্যাখ্যাত হয়।

জানা গেছে, ভোটাভুটিতে কেবল পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের পক্ষে অবস্থান নেয়। ফলে বাংলাদেশ অংশগ্রহণ না করায় তাদের পরিবর্তে স্কটল্যান্ড বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পায়।

বিশ্বকাপ চলাকালে অন্যান্য দল মাঠে ব্যস্ত থাকলেও বাংলাদেশে আয়োজন করা হয় একটি স্থানীয় টি-টোয়েন্টি লিগ, যা নিয়ে ক্রিকেট অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।