রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

তানজিদের ঝড়ে ৮ উইকেটের জয়


পাকিস্তানের দেওয়া ১১৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিমের ঝড়ো ফিফটিতে মাত্র ১৫.১ ওভারেই জয় নিশ্চিত করে সিরিজ শুরু করেছে টাইগাররা।

১১ মার্চ ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ 

তানজিদের ঝড়ে ৮ উইকেটের জয়
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

পাকিস্তানের দেওয়া ১১৫ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটের বিশাল জয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। মাত্র ১৫.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। দলের এই দাপুটে জয়ে মূল ভূমিকা পালন করেন ওপেনার তানজিদ হাসান তামিম। মাত্র ৪২ বলে ৫টি ছক্কা ও ৭টি বাউন্ডারির সাহায্যে ৬৭ রানের এক বিধ্বংসী ও অপরাজিত ইনিংস খেলেন তিনি।

ছোট লক্ষ্য তাড়ায় বাংলাদেশের শুরুটা ছিল দুর্দান্ত। প্রথম ওভারে ১০ রানের পর দ্বিতীয় ওভারে ফাহিম আশরাফকে পেয়ে বসে বাংলাদেশ, সেই ওভার থেকে আসে ১৫ রান। তানজিদের দুটি চারের পাশাপাশি অতিরিক্ত রানও দ্রুত স্কোরবোর্ড সচল রাখে। তবে তৃতীয় ওভারে শাহিন আফ্রিদির বলে পয়েন্টে শামিল হোসেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাইফ হাসান। ১০ বলে ৪ রান করেন তিনি।

সাইফের বিদায়ের পর ক্রিজে এসে ইনিংস সামাল দেন নাজমুল হোসেন শান্ত। সপ্তম ওভারে আফ্রিদিকে টানা তিনটি চার মেরে দলীয় রান পঞ্চাশ পার করেন তিনি। তানজিদ ও শান্ত মিলে মাত্র ৩৮ বলে ৫১ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন। এর মধ্যেই মাত্র ৩২ বলে নিজের ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি পূর্ণ করেন দুর্দান্ত ফর্মে থাকা তানজিদ।

জয়ের খুব কাছে গিয়ে মোহাম্মদ ওয়াসিমের বলে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত। ৩৩ বলে ২৭ রান করেন তিনি। তবে তাতে জয়ের পথে কোনো বাধা তৈরি হয়নি। শেষ পর্যন্ত লিটন দাসকে সঙ্গে নিয়ে অনায়াসেই দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তানজিদ তামিম। লিটন দাস অপরাজিত থাকেন ৩ রানে।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজের দারুণ বোলিংয়ে ৩০.৪ ওভারে মাত্র ১১৪ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের বিপক্ষে এটিই পাকিস্তানের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এই জয় দিয়ে আত্মবিশ্বাসের সঙ্গেই সিরিজ শুরু করল বাংলাদেশ।