শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

চার মাস পর ওয়ানডেতে ফিরছে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান


প্রায় চার মাস পর আবারও ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জাতীয় দল। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে মেহেদি হাসান মিরাজের দল।

১১ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ 

চার মাস পর ওয়ানডেতে ফিরছে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

অবশেষে ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জাতীয় দল। আন্তর্জাতিক অঙ্গনে মেহেদি হাসান মিরাজরা সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন গত বছরের অক্টোবরে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা।

এরপর টি-২০ ফরম্যাটের ক্রিকেট নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। সামনে ছিল টি-২০ বিশ্বকাপের লক্ষ্য। তবে নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে অনুষ্ঠিত সেই টি-২০ বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ দল।

এখন সামনে ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। ওই বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে হবে। বর্তমানে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে। তাই সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে এখন থেকেই জয়ের ধারায় ফিরতে মরিয়া টাইগাররা।

এই লক্ষ্য নিয়েই আজ প্রায় চার মাস পর ওয়ানডে ফরম্যাটে ফিরছে বাংলাদেশ। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে মিরাজ বাহিনী। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১, ১৩ ও ১৫ মার্চ।

পাকিস্তান ২০১৫ সালের পর এবারই প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছে ওয়ানডে সিরিজ খেলতে। যদিও এর মধ্যে চ্যাম্পিয়নস ট্রফি, এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে দুই দল একাধিকবার মুখোমুখি হয়েছে। এই সিরিজে পাকিস্তান দল এসেছে বেশ কয়েকজন নতুন ক্রিকেটার নিয়ে। ছয়জন আনকোড়া ক্রিকেটার রয়েছে দলে। তবুও পাকিস্তানকে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। টাইগার অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলেছেন, প্রতিপক্ষ যেই হোক, আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দলকেই সহজভাবে নেওয়ার সুযোগ নেই।

বাংলাদেশ ও পাকিস্তান প্রথমবার মুখোমুখি হয়েছিল ১৯৮৬ সালে। এরপর থেকে দুই দল মোট ৩৯টি ওয়ানডে ম্যাচ খেলেছে। যেখানে বাংলাদেশের জয় মাত্র পাঁচটি, আর পাকিস্তান জিতেছে ৩৪টি ম্যাচ।

১১ বছর পর আবার বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে এসেছে পাকিস্তান। এটি বাংলাদেশ সফরে পাকিস্তানের পঞ্চম ওয়ানডে সিরিজ। তাই দীর্ঘদিন পর দুই দলের এই লড়াই ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।