বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

ইসলাম গ্রহণ করলেন ব্রাজিলের তারকা ফুটবলার ক্যাথলিন সুজা


ব্রাজিলের নারী ফুটবল অঙ্গনের আলোচিত তারকা ও সৌদি ক্লাব এর অধিনায়ক ক্যাথলিন সুজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে জানায়, ইসলাম গ্রহণের পর তিনি পবিত্র মক্কায় গিয়ে ওমরাহ সম্পন্ন করেছেন।

২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ণ 

ইসলাম গ্রহণ করলেন ব্রাজিলের তারকা ফুটবলার ক্যাথলিন সুজা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ব্রাজিলিয়ান নারী ফুটবলের অন্যতম পরিচিত মুখ এবং সৌদি ক্লাব আল নাসরের অধিনায়ক ক্যাথলিন সুজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ক্লাব কর্তৃপক্ষের এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। সুজার এই আধ্যাত্মিক রূপান্তর ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
আল নাসর কর্তৃপক্ষ জানায়, ইসলাম ধর্ম গ্রহণের পর সুজা পবিত্র মক্কায় গিয়ে ওমরাহ সম্পন্ন করেছেন। ক্লাবের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ওমরাহ পালনের কিছু ভিডিও ও ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে তাকে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে প্রার্থনা ও ধ্যানমগ্ন অবস্থায় দেখা যায়।

এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক ভিডিও বার্তায় ক্লাবটি জানায়:“আমরা আমাদের খেলোয়াড় ক্যাথলিন সুজার জীবনের একটি বিশেষ মুহূর্ত সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি। মহান আল্লাহ যেন তাঁকে দৃঢ়তা ও অন্তরের শান্তি দান করেন।”

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর থেকেই ভক্ত-সমর্থকদের অভিনন্দনে ভাসছেন সুজা। অনেকেই তাঁর এই সিদ্ধান্তকে ‘সাহসী’ এবং ‘অনুপ্রেরণামূলক’ হিসেবে অভিহিত করেছেন। বিশেষ করে সৌদি আরবে নারী ফুটবলের প্রসারে তাঁর এই ব্যক্তিগত যাত্রা একটি ভিন্ন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ক্যাথলিন সুজার ফুটবল যাত্রা শুরু হয়েছিল ফুটসাল দিয়ে, যা পরবর্তীতে তাকে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য এনে দেয়।

কলেজ ফুটবল (যুক্তরাষ্ট্র): মনরো কলেজ, লুইসভিলে কারডিনালস এবং ইউসিএফ নাইটস।

পেশাদার ক্লাব ক্যারিয়ার: ফ্রান্সের জিরুনডিন্স ডে বোর্দো, ইতালির ইন্টার মিলান এবং স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদে রক্ষণভাগের অতন্দ্র প্রহরী হিসেবে খেলেছেন তিনি।

জাতীয় দল: ২০১৮ সালে ব্রাজিল জাতীয় দলে তাঁর অভিষেক হয়। ২০১৯ ফিফা নারী বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে দলের অন্যতম কনিষ্ঠ সদস্য হিসেবে দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্ববাসীর নজর কাড়েন।

বর্তমান অবস্থান: ২০২৪ সালে তিনি সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন এবং বর্তমানে দলটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যক্তিগত বিশ্বাস ও পেশাদার ক্যারিয়ারের সমন্বয়ে ক্যাথলিন সুজার এই নতুন অধ্যায় ক্রীড়াঙ্গন ও সামাজিক মাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছে।