মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

আজ থেকে ২০২৬ সালের হজ ভিসা ইস্যু শুরু


২০২৬ সালের (১৪৪৭ হিজরি) পবিত্র হজ উপলক্ষে হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু করেছে সৌদি আরব। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে এ কার্যক্রম শুরু হচ্ছে। হাজিদের আগমনের আগে সেবার প্রস্তুতি জোরদার ও প্রক্রিয়া সহজ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৬ পূর্বাহ্ণ 

আজ থেকে ২০২৬ সালের হজ ভিসা ইস্যু শুরু
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

২০২৬ সালের পবিত্র হজ মৌসুমের জন্য আজ রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হাজিদের আগমনের আগেই প্রয়োজনীয় সব সেবা ও ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, বিদেশি হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সব সেবা ও সংশ্লিষ্ট চুক্তি ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। ‘নুসুক’ (Nusuk) প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কায় আবাসন সংক্রান্ত সব চুক্তি সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৭ লাখ ৫০ হাজার হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন, যার মধ্যে প্রায় ৩০ হাজার জন নিজ নিজ দেশ থেকে সরাসরি হজ প্যাকেজ বুক করেছেন।

আন্তর্জাতিক হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে প্রায় ৪৮৫টি ক্যাম্প বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি ৭৩টি হজ অফিস তাদের প্রাথমিক প্রস্তুতি শেষ করেছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

এদিকে বাংলাদেশ থেকে ২০২৬ সালের হজে অংশগ্রহণে ইচ্ছুক সরকারি ও বেসরকারি সব হজযাত্রীর জন্য স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান বাধ্যতামূলক করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের অবশ্যই সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে নির্ধারিত টিকাকেন্দ্র থেকে প্রয়োজনীয় টিকা গ্রহণের পর ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে।

সৌদি আরবের নির্দেশনা অনুযায়ী, ফিটনেস সনদসহ আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে হজ ভিসার জন্য আবেদন করতে হবে। ফিটনেস সনদ ছাড়া কাউকে হজে অংশ নিতে দেওয়া হবে না বলেও স্পষ্ট করেছে ধর্ম মন্ত্রণালয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এর আগে ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।