শুক্রবার, ১৫ মে, ২০২৬

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত


সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, আগামী ১৭ মে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে বিশ্বের অধিকাংশ দেশে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

১৫ মে ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ণ 

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

পবিত্র জিলহজ মাসের চাঁদ আগামী ১৭ মে দেখা যেতে পারে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এর ভিত্তিতে আগামী ২৭ মে (বুধবার) বিশ্বের বেশির ভাগ দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এ তথ্য জানিয়েছে উপসাগরীয় সংবাদমাধ্যম গালফ নিউজ।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আগামী ১৭ মে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেবে। ওইদিন পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চল থেকে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে। সংস্থাটি আরও জানিয়েছে, মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার অধিকাংশ এলাকা থেকে খালি চোখেও চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে।

জ্যোতির্বিজ্ঞানভিত্তিক গাণিতিক হিসাব অনুযায়ী, আগামী ১৮ মে (সোমবার) থেকে ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাস শুরু হতে পারে। সে হিসেবে জিলহজের ১০ তারিখে পালিত ঈদুল আজহা আগামী ২৭ মে অনুষ্ঠিত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। তবে চূড়ান্তভাবে ঈদুল আজহার তারিখ নির্ধারণ হবে সংশ্লিষ্ট দেশের ধর্মীয় কর্তৃপক্ষের চাঁদ দেখার ঘোষণার ওপর ভিত্তি করে। কারণ ইসলামী বিধান অনুযায়ী, চাঁদ দেখার সাক্ষ্যের মাধ্যমেই হিজরি মাসের শুরু ও ধর্মীয় উৎসবের তারিখ নির্ধারিত হয়।