রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

পবিত্র জুমাতুল বিদা আজ


পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার আজ জুমাতুল বিদা। সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, ইবাদত-বন্দেগি ও দোয়ার মধ্য দিয়ে দিনটি পালন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

২০ মার্চ ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ণ 

পবিত্র জুমাতুল বিদা আজ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার আজ জুমাতুল বিদা। মুসলিম বিশ্বের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচিত। রমজানের শেষ জুমা হিসেবে দিনটি বিশেষ ইবাদত, দোয়া ও আত্মশুদ্ধির মাধ্যমে পালন করা হয়।

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার মসজিদগুলোতে জুমার নামাজ আদায়ের জন্য মুসল্লিদের ব্যাপক সমাগম ঘটবে। নামাজের আগে খতিব ও আলেমরা খুতবায় জুমাতুল বিদার গুরুত্ব, রমজানের শিক্ষা এবং তাকওয়ার বার্তা তুলে ধরবেন।

জুমার নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে। অনেক মুসল্লি রোজার এই শেষ সময়টিকে আরও বেশি ইবাদতের মাধ্যমে কাটানোর চেষ্টা করছেন।

ইসলাম ধর্মাবলম্বীদের জন্য সারা বছরের মধ্যে রমজান মাস বিশেষ গুরুত্ব বহন করে। এই মাসে সিয়াম সাধনার মাধ্যমে আত্মসংযম, ধৈর্য ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন মুমিনরা। জুমাতুল বিদার মধ্য দিয়ে কার্যত রমজান মাসকে বিদায় জানানোর প্রস্তুতি শুরু হয়।

এদিকে, আজ শুক্রবার রমজানের ৩০ দিন পূর্ণ হচ্ছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল শনিবার সারা দেশে আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন মুসলমানরা। ঈদকে সামনে রেখে ইতোমধ্যে দেশজুড়ে চলছে নানা প্রস্তুতি ও আয়োজন।